• কালীঘাট থানার প্রাক্তন ওসিকে নাগালে পেতে এ বার আরও বড় পদক্ষেপ ইডির
    এই সময় | ১৩ মে ২০২৬
  • লুক আউট নোটিসের পরে এ বার কলকাতা পুলিশের ডিসি তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বিষয়ে আরও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শান্তনুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বার শান্তনুর বিষয়ে তথ্য জানতে ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দিল ED।

    সূত্রের খবর, চিঠিতে জানতে চাওয়া হয়েছে, এই মুহূর্তে কোথায় আছেন শান্তনু সিনহা বিশ্বাস। কী ডিউটি করছেন? ইডির দপ্তরে শান্তনু যাতে হাজিরা দেন, মূলত সেই বার্তাই দেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশের একটি সূত্রের দাবি।

    এর আগে একাধিকবার পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করে ED। কিন্তু বার বারই সেই তলব এড়িয়ে গিয়েছেন তিনি। গত ২৮ এপ্রিল EDর দপ্তরে ডাকা হলেও তিনি যাননি। কোনও ভাবেই শান্তনু যাতে দেশ না ছাড়তে পারেন, তার জন্য লুক আউট নোটিসও জারি করা হয়।

    গোলপার্কের কাঁকুলিয়া রোডে অশান্তির ঘটনায় ব্যবসায়ী সোনা পাপ্পুর নাম সামনে আসে। সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তে নেমেই কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে বলে খবর।

  • Link to this news (এই সময়)