• গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সিভিক ভলান্টিয়ারের, নেপথ্যে মানসিক অবসাদ?
    এই সময় | ১৩ মে ২০২৬
  • গলায় ফাঁস দিয়ে এক সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে নিজের ঘর থেকে শুভঙ্কর ঘোষ (৩৯) নামে ওই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে খবর, মানসিক অবসাদের জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন শুভঙ্কর। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুভঙ্করের বাড়ি নদিয়ার নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পলতা ঘাট রোডে। পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। তাঁর আচরণের মধ্যেও বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। সূত্রের খবর, নেশাও করতেন শুভঙ্কর। বুধবার সকালে শুভঙ্করের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

    এরপরেই পুলিশে খবর দেন পরিবারেরলোকজন। পুলিশ দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শুভঙ্করকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে আত্মহত্যা করলেন শুভঙ্কর তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

  • Link to this news (এই সময়)