স্বনির্ভর গোষ্ঠী থেকে তহবিল থেকে ঋণ দিতে অস্বীকার করায় এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে। জানা গিয়েছে আহত মহিলার নাম সুলতানা খান। তিনিই ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রধান। ঘটনায় অভিযুক্ত সুলতানার দুই দাদা এবং দুই বৌদি। ঘটনার পরে থেকেই পলাতক অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে খবর, ওই স্বনির্ভর গোষ্ঠীতে ১০ জন সদস্য রয়েছেন। সেই গোষ্ঠীরই সদস্য সুলতানার দুই বউদি আশা বিবি এবং সালমা খাতুন। সুলতানার দাবি, এক বছর আগে সাড়ে সাত লক্ষ টাকা লোন পায় গ্রুপ। সেই টাকা আটজনের মধ্যে ভাগাভাগি করা হয়। সেই সময়ে আশা ও সালমাকে টাকা দেওয়া হয়নি। সুলতানা জানান, এর আগে সালমা এবং আশা একাধিকবার লোন নিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরত দেননি তারা। সেই কারণেই তাঁদের ধার দেওয়া হয়নি।
সুলতানার অভিযোগ, বুধবার রাতে আশা বিবি, তাঁর স্বামী মহম্মদ রইসুল হক, সালমা খাতুন এবং সালমার স্বামী রবিউল হক তাঁর বাড়িতে চড়াও হন। সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে তাঁকে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টাও হয়।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ে করা হয়েছে বলে জানিয়েছেন সুলতানা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত চারজনই পলাতক। গুরুতর আহত অবস্থায় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুলতানা। দোষীদের শাস্তির দাবি করেছেন সুলতানা।