• Annapurna Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকলেই অন্নপূর্ণা ভাণ্ডার, কারা পাবেন না? স্পষ্ট করলেন মন্ত্রী
    এই সময় | ১৩ মে ২০২৬
  • লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলারা মাসিক ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। ১ জুন থেকেই এই সুবিধা পেতে চলেছেন উপভোক্তারা। তবে ঠিক কারা পাবেন এই সুবিধা? নতুন উপভোক্তারা কী ভাবে আবেদন করবেন? লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতেন, শুধু তাঁরাই কি কেন্দ্রের এই প্রকল্পে সুবিধা পাবেন? এই নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার বিস্তারিত জানালেন নারী-শিশু, সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

    বিধানসভায় শপথ নেওয়ার পরেই রাজ্যের এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানান অগ্নিমিত্রা। মন্ত্রী বলেন, ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ৯১ লক্ষ নাম (SIR-এর কারণে ৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে) পর্যালোচনা করা হবে। তাঁদের নাম আপাতত বাদ যাচ্ছে না। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা কোনও ভাবেই এই সুবিধা পাবেন না। যাঁদের নাম SIR থেকে বাদ পড়েছে, তাঁরা নাগরিক কি না সেটা যাচাই করে দেখা হবে।’

    বিচারাধীন ভোটারদের নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। রাজ্যে SIR-এর পরে প্রায় ২৭ লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন রয়েছে। তাঁদের নাম ভোটার তালিকায় নেই। ট্রাইব্যুনালে তাঁদের নথি যাচাইয়ের কাজ চলছে। তাঁরা কী অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? মন্ত্রী বলেন, ‘যাঁদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাঁদের নাম কাটা যাবে না। যাঁরা CAA-এর জন্য আবেদন করেছেন, তাঁদের নামও বাদ যাবে না।’

    যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের কোনও চিন্তা নেই। তবে নতুন আবেদন কী ভাবে হবে? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে এই প্রকল্পের আবেদন ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে নেওয়া হতো। এখন অনলাইনে এই প্রকল্পের আবেদন পত্র পাওয়া যাবে। তাঁর বক্তব্য, ‘আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন, তাঁদের সুবিধার জন্যেও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা-বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে, তার ব্যবস্থা করছি।’

  • Link to this news (এই সময়)