আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী। মোদির মতই প্রণাম করলেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সংসদে ঢুকেছিলেন শপথ নেওয়ার সময়, সেই একইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঢোকার সময় প্রণাম করে প্রবেশ করলেন।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে প্রথম শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করলেন। তার পরে দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, মেখলিগঞ্জের বিধায়ক সহ বাকি বিধানসভার নবনির্বাচিত বিধায়করা নিজেদের আঞ্চলিক ভাষায় শপথ বাক্য পাঠ করলেন।
বুধবার বিধায়কপদে শপথ নেন নবনির্বাচিত প্রার্থীরা। সকাল সাড়ে ১১টা থেকে বিধানসভায় শুরু হয়েছে বিধায়কপদে শপথগ্রহণ পর্ব। পর পর দু’দিন বুধ এবং বৃহস্পতিবার ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। তা ছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন আগামী দু’দিনে। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রো-টেম স্পিকার তাপস রায়।