• 'হাই প্রোফাইল' হত্যাকাণ্ডে কী এমন সূত্র পেল সিবিআই?
    আজকাল | ১৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার কোমর বেঁধে নেমেছে সিবিআই। মঙ্গলবার রাজ্য পুলিশের কাছ থেকে মামলার নথিপত্র হাতে পাওয়ার পরই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

    হাই-প্রোফাইল খুনের রহস্যভেদে সিবিআই-এর কলকাতা জোনের যুগ্ম নির্দেশকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করা হয়েছে। এই মামলায় রাজ্য পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তাদের তিনজনকে বারাসাত আদালতে তোলা হয়েছে। পুলিশি হেফাজতের নির্দেশও দেওয়া হয়। 

    আজ বুধবার ফের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে মধ্যমগ্রামের ঘটনাস্থলে এসে পৌঁছালো সিবিআই আধিকারিকরা।

    প্রসঙ্গত, ঘটনায় অন্য রাজ্যের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে বিভিন্ন শাখার আধিকারিকদের নিয়ে এই সিট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। সিবিআইয়ের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই সিট-এর নেতৃত্বে থাকবেন পঙ্কজ কুমার সিং।

    তাঁর সঙ্গে দলে রয়েছেন, সুভাষ চন্দ্র কুণ্ডু, অনিল কুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ এবং বিবেক শ্রীবাস্তব। জানা গিয়েছে, কলকাতা জোনের যুগ্ম অধিকর্তার তত্ত্বাবধানে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কাজ করবে।

    তদন্তের প্রয়োজনে কলকাতা শাখা থেকেও অতিরিক্ত আধিকারিক বা কর্মী এই দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। এছাড়াও সংশ্লিষ্ট শাখার প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা এই আধিকারিকদের অবিলম্বে রিলিভ করে তাঁরা সিট-এর প্রধান পঙ্কজ কুমার সিংয়ের কাছে রিপোর্ট করেন।

    প্রসঙ্গত, চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন ভাড়াটে শার্প শ্যুটারকে। খুনের পর থেকেই ফেরার ছিল এই আততায়ীরা। 

    তদন্তকারীরা জানিয়েছেন, ঘাতকদের পালানোর পথে ব্যবহার করা গাড়ির 'ফাসট্যাগ' (FASTag) ট্র্যাক করেই তাদের হদিশ পায় পুলিশ। মূলত টোল প্লাজাগুলোতে গাড়ির যাতায়াতের সময় ও লোকেশন থেকেই পরিষ্কার হয়ে যায় অপরাধীদের গতিপথ।

    সেই সূত্র ধরেই হানা দিয়ে উত্তরপ্রদেশ থেকে এই তিনজনকে জালে তোলা হয়। এই গ্রেপ্তারির ফলে চন্দ্রনাথ খুনের নেপথ্যে থাকা আসল মোটিভ এবং আর কে বা কারা জড়িত, তা দ্রুত সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

    সূত্র মারফত জানা গেছে, রথ হত্যাকাণ্ডের তদন্তে থাকা বিশেষ তদন্তকারী দল (SIT) রবিবার উত্তরপ্রদেশ ও বিহারের দুটি জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে।

    তবে এই গ্রেপ্তারি নিয়ে রাজ্য পুলিশ এখনও সরকারিভাবে কোনও বয়ান দেয়নি। বিহার-উত্তরপ্রদেশ সীমান্তের বক্সার থেকে ময়াঙ্ক শর্মা, ভিকি সিং এবং রাজবীর সিং-সহ আরও দু'জনকে আটক করা হয়।

    তিনি নিজাম প্যালেস থেকে ফিরছিলেন- যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর অফিস ছিল। ঘটনাস্থলেই রথের মৃত্যু হয়, আর তাঁর এসইউভি-র চালক বুদ্ধদেব বেরাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খুনের রাতে হামলাকারীরা প্রায় সাত কিলোমিটার ধরে চন্দ্রনাথের গাড়িটি তাড়া করেছিল।

    যে নিখুঁত পরিকল্পনা এবং ক্ষিপ্রতার সাথে এই হামলা চালানো হয়েছে, তাতে পুলিশের সন্দেহ ছিল যে এর পেছনে ভিনরাজ্যের পেশাদার শার্পশুটারদের হাত রয়েছে। সেই সূত্র ধরেই সিট-এর সদস্যরা উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশায় পাড়ি দিয়েছিলেন।
  • Link to this news (আজকাল)