• রাজ্যের অবৈধ টোল নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের
    আজকাল | ১৩ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সব বেআইনি টোলপ্লাজা বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। এই মর্মে মঙ্গলবার একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলাশাসকদের এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব অবৈধ টোলপ্লাজা এবং ড্রপ গেট, ব্যারিকেড চিহ্নিত করে সেগুলিকে বন্ধ করতে হবে। অনুমতি ছাড়া সেগুলো যাতে ফের চালু না করা হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

    মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলা জুড়ে যানবাহন চলাচলকারী সমস্ত টোল গেট, ড্রপ গেট, ব্যারিকেড দেওয়া কাঠামো এবং চালু থাকা টোল আদায় কেন্দ্র, যেগুলি পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক অনুমোদিত বা মনোনীত নয়, সেগুলি অবিলম্বে বন্ধ করে দিতে হবে। সকল জেলাশাসকদের এই রকম অবৈধ টোল চিহ্নিত করে সেগুলিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অনুমোদিত নয় এমন কেন্দ্রগুলিতে যে কোনও ধরনের ফি, চার্জ বা শুল্ক আদায় অবিলম্বে বন্ধ করতে হবে।

    এছাড়াও, টোল আদায়কারী কর্তৃপক্ষ এবং টেন্ডারের সময়কাল সহ সমস্ত অনুমোদিত টোল আদায় কেন্দ্রের একটি তালিকা তৈরি করতে হবে। ৫. বৈধ এবং অবৈধ উভয় প্রকার টোল আদায় কেন্দ্রের একটি তালিকা তৈরি করে শুক্রবার, ১৫ মে দুপুর ১২টার মধ্যে অবশ্যই আন্ডারসেক্রেটারির কাছে জমা দিতে হবে।

    রাজ্য বিজেপির তরফ থেকে সরকারি বিজ্ঞপ্তিটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গে টোলের নামে তোলাবাজি আর চলবে না! রাস্তার মোড়ে মোড়ে অবৈধ টোল গেট বসিয়ে বছরের পর বছর সাধারণ মানুষ, ট্রাক চালক আর ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা তোলা হয়েছে। এবার অবৈধ টোল সিন্ডিকেটের বিরুদ্ধে শুরু হয়েছে সরাসরি অভিযান। সমস্ত অবৈধ টোল গেট, ড্রপ গেট ও এক্সটরশন চেকপোস্ট চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মানুষ আর সিন্ডিকেটের সামনে মাথা নত করবে না। তোলাবাজির রাজত্বের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।”
  • Link to this news (আজকাল)