'মেসিকাণ্ড কলকাতার বদনাম, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে', বললেন দিলীপ
আজ তক | ১৩ মে ২০২৬
যেখানে সন্দেহ রয়েছে এবং মনে হচ্ছে নিয়ম মেনে কাজ হয়নি, সবকিছুই রিভিউ করা হবে, এমনই জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, 'মেসিকাণ্ডে কলকাতাকে যেভাবে বদনাম করা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত, তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে, সেই অর্থ ফেরানোর বিষয়টিও খতিয়ে দেখা হবে।' বুধবার সকালে মর্নিং ওয়াকের সময় এই মন্তব্য করেন তিনি।
মেসিকাণ্ডের ঘটনা এখনও ক্রীড়াপ্রেমীদের মনে টাটকা। এই ঘটনার জন্য আগেই প্রশ্ন উঠেছিল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, লুকিয়ে থাকা প্রতিভাদের সামনে আনার কাজও করবে নতুন সরকার।
সাংবাদিক বৈঠকে নিশীথ প্রামাণিক বলেন, “যা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। মেসিকাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছি। সব খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করব। যদি দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখার আয়োজন ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শকদের অভিযোগ ছিল, অতিরিক্ত ভিড়ের কারণে তারা ঠিকভাবে মেসিকে দেখতে পাননি। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং মাঠে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি অভিযোগ করেন, ভবিষ্যতে আবার মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কলকাতায় আনার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, টিকিট কেটে মেসিকে দেখতে না পারা দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়, বিষয়টি আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে দর্শকদের হতাশা কিছুটা দূর করার আশ্বাসও দিয়েছেন তিনি।