তৃণমূল কর্মীর বাড়ি থেকে হুমকি চিঠি ও বোমাসদৃশ বস্তু উদ্ধারে চাঞ্চল্য
দৈনিক স্টেটসম্যান | ১৩ মে ২০২৬
নদিয়ার নবদ্বীপের তীর্থনগরী এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। হুমকি চিঠির সঙ্গে সুতলি দিয়ে পেঁচানো গোলাকার ওই বস্তু উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীর্থ নগরী এলাকার বাসিন্দা তথা তৃণমূল কর্মী নিতাই চন্দ্র সাহার বাড়ির পাঁচিলের উপর বুধবার সকালে পরিবারের সদস্যরা একটি হুমকি চিঠি দেখতে পান। চিঠির উপরে রাখা ছিল সুতলি দিয়ে পাকানো গোলাকার একটি বস্তু, যা দেখতে অনেকটাই বোমার মতো। বিষয়টি নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে বোমাসদৃশ ওই বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বস্তুটি আদৌ সক্রিয় বোমা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কে বা কারা এই ঘটনা ঘটাল, তাও জানার চেষ্টা চলছে।
এলাকাবাসীর দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ, চলতি মাসের ৫ তারিখেও ওই বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের হুমকি চিঠি ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
নিতাই চন্দ্র সাহার পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁদের নিশানা করা হচ্ছে। তাঁদের দাবি, বিরোধী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করার কারণেই লাগাতার ভয় দেখানোর চেষ্টা চলছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, হুমকি চিঠিতে কী লেখা ছিল এবং উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃতি কী, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে বোমা নিষ্ক্রিয়কারী দলকেও ডাকা হতে পারে। গোটা ঘটনার তদন্তে নেমে আশপাশের এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।