অবৈধভাবে টাকা তোলার দিন শেষ! বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধে কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
প্রতিদিন | ১৩ মে ২০২৬
রাজ্যে একাধিক বেআইনি টোল ও ড্রপ গেট রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এবার সেসবের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের নতুন মুখ্যসচিব পদে আসীন হয়েছেন মনোজকুমার আগরওয়াল। একাধিক বিষয়ে নির্দেশিকা জারি হচ্ছে রাজ্য সরকারের তরফে। এবার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে জারি হল সরকারি নির্দেশিকা। অবিলম্বে সেসব বন্ধ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও একাধিক রাস্তায় বেআইনি টোল ও ড্রপ গেট বানিয়ে অবৈধভাবে টাকা তোলা হয় বলে দীর্ঘদিনের অভিযোগ। তৃণমূল কংগ্রেস সরকারের সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই অভিযোগ উঠেছে। প্রশাসনিক স্তরে অভিযোগ জানালেও তেমন কাজ হত না বলে অভিযোগ। এবার সেইসব বেআইনি টোল ও ড্রপ গেট বন্ধ করার নির্দেশিকা দেওয়া হল।
মুখ্যসচিবের দপ্তর থেকে এই নির্দেশিকা জেলাশাসকদের কাছে গিয়েছে। বেআইনি টোল ও ড্রপ গেটগুলি দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে নতুন করে এইসব কেন্দ্র গড়ে উঠতে না পারে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করতে হবে। আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইসব অবৈধ কেন্দ্রগুলিকে চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া কথাও শোনা গিয়েছে। ক্ষমতায় আসার পর বিজেপি সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা থেকে একাধিক ইস্যুতে কড়া বার্তা, নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা বলেছেন।