• ‘মেয়েদের পড়াশোনা করার কী দরকার?’ স্বয়ং বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • পাটনা: মেয়েরা ঘরে থাকুক। বাড়ির কাজ করুক। পড়াশোনার কী প্রয়োজন! এমনটাই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিহারের নতুন শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। তাঁর দাবি, যাদের চার দেওয়ালের মধ্যেই থাকতে হবে, তাদের পড়াশোনার প্রয়োজন নেই। 

    বিহারে সদ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গোপালগঞ্জের বিজেপি বিধায়ক মিথিলেশ। সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেয়েদের পড়াশোনা প্রয়োজন কী! পালটা সাংবাদিক বলেন, অধিকার রক্ষার স্বার্থে শিক্ষা প্রয়োজন। তাতে মন্ত্রীর উত্তর, এমনিতেই মেয়েদের অধিকার রক্ষা হবে। তাঁর কথায়, ‘ঘরের মেয়েরা আমাদের শক্তি, সমৃদ্ধির ভিত্তি।’  নিজের বক্তব্যের স্বপক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে মিথিলেশ বলেন, ‘মেয়েদের রাস্তায় নামার কী প্রয়োজন! যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মোদি নারীশক্তি বৃদ্ধির জন্য রয়েছেন।’ তাঁর সাফ দাবি, মোদির আমলে পড়াশোনার জন্য মেয়েদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। আশ্চর্যের বিষয়, সক্রিয় রাজনীতিতে পা রাখার আগে মিথিলেশ পেশায় শিক্ষক ছিলেন। নিজের কোচিং সেন্টারও ছিল তাঁর। আর যে বিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি এসব বলছেন, সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নারীশিক্ষার প্রসারে একাধিক পদক্ষেপ করেছিলেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। সমালোচনায় সরব বিভিন্ন মহল।
  • Link to this news (বর্তমান)