• মন্দির-স্কুলের কাছে মদের দোকান নয়, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের, তামিলনাড়ুতে ৭১৭টির ঝাঁপ বন্ধ হতে চলেছে!
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • চেন্নাই: কুর্সিতে বসার পরই ‘অ্যাকশন’ মোডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। দু’সপ্তাহের মধ্যে স্কুল, মন্দির, বাসস্টপ চত্বরে অর্থাৎ ৫০০ মিটারের মধ্যে বন্ধ হচ্ছে সমস্ত মদের দোকান। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছেন থালাপতি। এই মুহূর্তে সারা রাজ্যে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। মু্খ্যমন্ত্রীর নির্দেশের পর এবার স্কুল-মন্দির চত্বরে প্রায় ৭১৭টি মদের দোকানে তালা ঝুলবে। শপথ নিয়ে চেয়ারে বসার পরই তিনটি বিষয়ে জোর দিয়েছিলেন বিজয়।

    ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। মহিলাদের সুরক্ষায় বিশেষ টাস্ক ফোর্স ও মাদক সমস্যা মোকাবিলায় বিশেষ বাহিনী গঠন। এরপর মঙ্গলবার মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন তিনি। সামাজিক সংস্কার ও আমজনতার কল্যাণে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তবে এনিয়ে বিরোধী শিবিরের অন্দরে জোর গুঞ্জন শুরু হয়েছে। একাংশের কথায়, রাজ্য পরিচালিত মদের দোকানগুলি থেকে বিপুল আয় হত। এমন নির্দেশে রাজ্যের সেই আয়ের ভাণ্ডারে কোপ পড়বে। ভবিষ্যতে নানা সামাজিক প্রকল্প চালাতে গিয়েও সমস্যা দেখা দিতে পারে।

    রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে রয়েছে মোট ২৭৬ টি দোকান। শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি রয়েছে ১৮৬ টি এবং বাসস্ট্যান্ড চত্বরে রয়েছে ২৫৫টি দোকান। সবমিলিয়ে সংখ্যাটি ৭১৭। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আপাতত এই দোকানগুলি বন্ধ হবে। বিষয়টি সামনে আসতেই ব্যঙ্গ করেছেন ডিএমকে মুখপাত্র সারাবনন আন্নাদুরাই। এক্স হ্যান্ডলে তিনি লেখেন— দোকানপাট বন্ধ করে আবার কি নতুন জায়গায় নতুন করে দোকান খুলবে তারা? এটি নিছক পি আর স্টান্ট (জনসংযোগ) ছাড়া আর কিছুই না। প্রশ্ন উঠেছে রাজস্ব নিয়েও। কারণ মদ বিক্রি থেকে বিশাল পরিমাণ টাকা ঢোকে রাজ্যের ভাঁড়ারে। ২০২৫ সালে মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় হয়েছিল ৪৮ হাজার ৩৪৪ কোটি টাকা। এবার তা কমলে সরকার চালাতেই সমস্যা দেখা দিতে পারে। প্রশাসনের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজ্যের মহিলারা বিশেষ করে পিএমকে-র মতো রাজনৈতিক দলগুলি মদের দোকান বন্ধের দাবি তুলেছিল। বিজয় ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
  • Link to this news (বর্তমান)