• বদলি থেকে সরকারি পদ, আরজি নিয়ে বিজেপি কার্যালয়ে দরবার
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: বদলি থেকে সরকারি পদ। সঙ্গে অভাব-অভিযোগ। নানা আরজি নিয়ে বিজেপি কার্যালয়ে দরবার সাধারণ মানুষের। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আবদার, সমস্যার কথা শুনছে জেলা নেতৃত্ব।

    সকাল সাতটা বাজতেই ‌ইং঩লিশবাজারে বিজেপির জেলা কার্যালয় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করছেন। কারও দাবি বদলি, কেউ আবার সরকারি পদে বসতে চেয়ে ইচ্ছে প্রকাশ করছেন। কেউ দলের জন্য কাজ করতে চেয়ে আবেদন করছেন। আবার কয়েক জন এসেছেন দখল হওয়া জমি পুনরুদ্ধারের আরজি নিয়ে। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা কার্যালয়ে গেলে এই দৃশ্য প্রতিদিনই চোখে পড়ছে। মাঝে কিছুক্ষণের জন্য স্নান, খাওয়াদাওয়া করতে বাড়িতে যান জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। ফিরে এসে টানা রাত ১০টা পর্যন্ত লোকজনকে সামাল দিচ্ছেন তিনি। ধৈর্য্য ধরে সবার বক্তব্য শুনছেন। বলেন, মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে আগের সরকার। তাই বাসিন্দারা নানা দাবি দাওয়া, সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। আইন মেনে, নিয়ম মেনে যতটা সমাধান করা সম্ভব, করব। আমাদের দরজা কখনো বন্ধ থাকে না। 

    মঙ্গলবার সকালে এক স্কুল শিক্ষক বিজেপির জেলা কার্যালয়ে আসেন। তিনি বিজেপি কর্মী। গেরুয়া শিবিরের লোক হওয়ায় কর্মস্থানে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে বলে অভিযোগ করলেন। ওই শিক্ষকের আবদার, স্কুল শিক্ষা সংক্রান্ত একটি সরকারি পদ তাঁকে দিতে হবে। জেলা সভাপতি কোনওরকম প্রতিশ্রুতি না দিলেও শিক্ষকের বক্তব্য মন দিয়ে শোনেন। 

    জনৈক পার্টি কর্মী এসে দাবি করেন, ভোটের সময় তৎকালীন শাসক দলের হয়ে এক পুলিশ আধিকারিক পক্ষপাতমূলক আচরণ করেছেন। এবার তাঁকে বদলি করতে হবে। 

    একই দিনে জেলার একটি ব্লক থেকে এসেছিলেন এক আইনজীবী। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে জেলা সভাপতির ঘরে ঢোকেন। আইনজীবীর দাবি,তিনি এবার বিজেপির সাংগঠনিক কাজকর্ম করতে চান। জেলা সভাপতি তাঁকে আবেদন জানাতে বলেন এবং জানতে চান কোন শাখা সংগঠনে কাজ করতে ইচ্ছুক।
  • Link to this news (বর্তমান)