খড়্গপুরে তৃণমূলের পার্টি কার্যালয়ে গেরুয়া রং, তালা! বাইরে বসে কর্মীরা
বর্তমান | ১৩ মে ২০২৬
সংবাদদাতা, খড়্গপুর: ফল বেরোনোর পরই জেলায় তৃণমূলের অসংখ্য কার্যালয় দখল করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশে বেশ কিছু কার্যালয় অবশ্য ইতিমধ্যেই হস্তান্তর করে দেওয়া হয়েছে তৃণমূলকে। তবে, খড়্গপুর শহরের গোলবাজারে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়টি এখনও তালাবন্ধ হয়েই পড়ে। আপাতত ওই কার্যালয়ের বাইরে বসেই নিজেদের মধ্যে আলোচনা বা প্রয়োজনীয় কাজকর্ম সারছেন তৃণমূল কর্মীরা। ফল প্রকাশের পরের দিনই ওই কার্যালয়টি গেরুয়া রং করে দেওয়া হয়। তৃণমূলের পতাকা খুলে, লাগিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা।
মঙ্গলবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সহ-সভাপতি তপন সেনগুপ্ত বলেন, এই পার্টি অফিস থেকে দলমত নির্বিশেষে গোলবাজারের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নানা পরিষেবা পেয়েছেন। কিছু অতি উৎসাহী যুবক এই অফিস দখলের চেষ্টা করে। তালা লাগিয়ে দেয়। তবে, বিজেপি নেতাদের তরফে অবশ্য আশ্বস্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আশাবাদী, বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এবার খড়্গপুরে ফিরলেই উপযুক্ত ব্যবস্থা নেবেন। বিজেপি নেতা অভিষেক আগরওয়াল বলেন, আমরা বিষয়টি দেখছি।