রেশন ব্যবস্থায় কোনো দুর্নীতি বরদাস্ত নয়, দায়িত্ব নিয়েই ঘোষণা খাদ্যমন্ত্রীর
বর্তমান | ১৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শহর হোক বা গ্রাম— রেশন ব্যবস্থা আজও বহু মানুষের কাছে শুধু সরকারি পরিষেবা নয়, বরং বেঁচে থাকার অন্যতম ভরসা। দিনমজুর, ছোটো দোকানের কর্মচারী কিংবা শহরের নিম্নবিত্ত পরিবার—সবারই রান্নাঘরের হিসাব অনেকটা নির্ভর করে রেশনের চাল, গম আর আটার উপর। তাই এই ব্যবস্থায় সামান্য গাফিলতি হলে সরাসরি আঘাত লাগে সাধারণ মানুষের পেটে। এই বাস্তবতাকে সামনে রেখে এবার শুরু থেকেই কঠোর অবস্থান নিলেন নয়া খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যদপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি রেশনে আটা সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। কারণ, দীর্ঘদিন ধরেই অভিযোগ, এই আটার গুণমান ভালো নয়। কোথাও আবার সরবরাহ চক্রে কাটমানি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাই শীঘ্রই রেশনের আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ ও ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হবে। কোনো অবস্থাতেই নিম্ন মানের আটা বা অন্য কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। সরবরাহ ব্যবস্থা থেকে পণ্যের গুণমান পরীক্ষা— সব ক্ষেত্রেই নজরদারি আরও কড়া করা হবে বলেই জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, ‘মানুষের খাবার নিয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে চলব আমরা। অফিসার হোক বা ডিলার, সরবরাহকারী— কেউ ছাড় পাবে না। নীতি একটাই, না খাউঙ্গা, না খানে দুঙ্গা। মানুষের পেটে যাওয়া খাবার নিয়ে কোনোরকম কারচুপির জায়গা নেই।’ তিনি আরও জানান, খাদ্যদপ্তরের কাজ শুধু রেশন বিলি করা নয়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি মানুষ ভরতুকিযুক্ত খাদ্যশস্য পান রেশন ব্যবস্থার মাধ্যমে। চাল, গম ও আটা সংগ্রহ, সংরক্ষণ, মিলিং, পরিবহণ এবং শেষ পর্যন্ত রেশন দোকানের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটাই চলে খাদ্যদপ্তরের নিয়ন্ত্রণে। দীর্ঘ এই শৃঙ্খলের যেকোনো স্তরে সমস্যা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। কোথাও নিম্নমানের গম থেকে আটা তৈরি হচ্ছে, কোথাও দীর্ঘদিন মজুত থাকা খাদ্যশস্য ব্যবহারের অভিযোগ উঠেছে। আবার কোথাও সরবরাহকারীদের অসাধু চক্রের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ সামনে এসেছে। এই কারণেই নতুন খাদ্যমন্ত্রী শুরু থেকে এক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ডিলারদের যে আটা সরবরাহ করা হয়ে গিয়েছে, সেটাই পাবেন রেশন গ্রাহকরা। তারপর আপাতত আটা সরবরাহ করা হবে না। এ বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে। মন্ত্রীর সাফ বার্তা, রেশন ব্যবস্থা আর কোনোভাবেই অসাধু চক্রের খেলার মাঠ থাকবে না। বিশেষ করে আটা, যেখানে অভিযোগের মাত্রা বেশি, সেখানেই শুরু কড়া নজরদারির নতুন অধ্যায়। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।