• ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব অভিষেক, আদালতে মামলা
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিপুল আসন নিয়ে নির্বাচিত হয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, ফল ঘোষণার পর থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। পার্টি অফিস ভাঙচুর, দলীয় কর্মীদের মারধর, অগ্নিসংযোগ, ভয় দেখানো হচ্ছে। মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। মঙ্গলবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সপ্তগ্রাম ও চাকদহে দু’জন দলীয় কর্মী নিহত হয়েছেন। দুটি ঘটনার কথা তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মৃত্যুর সংখ্যা বাড়ছে। ন্যায় বিচারের জন্য সাধারণ মানুষের চোখের জল পড়লেও তা প্রশাসন দেখতে পাচ্ছে না এবং কানেও শুনতে পাচ্ছে না। পুলিশ নিষ্ক্রিয়, বিজেপি নেতারা উদযাপনে ব্যস্ত, প্রধানমন্ত্রী তাঁর পরের বিদেশ সফরের পরিকল্পনা করছেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত। 

    এই প্রেক্ষাপটে ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মামলার গুরুত্ব বুঝে হাইকোর্ট দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। আদালতে আবেদনকারী আইনজীবীর দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে প্রায় ২০০০ তৃণমূল কর্মী হেনস্তার শিকার হয়েছেন। অন্তত ৩৬৫টি তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে। শুধু তাই নয়, প্রাণের ভয়ে বহু কর্মী-সমর্থক গৃহহীন রয়েছেন বলেও হাই কোর্টে দাবি আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে দ্রুত আদালত যাতে হস্তক্ষেপ করে সেই আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে একের পর এক ঘটনায় নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আরজিও জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)