• নদীয়া থেকে দুই মাওবাদী নেতা ধৃত
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাওবাদী নেতা মাধাই পাত্র এবং শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে গ্রেপ্তার করেছেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা। মঙ্গলবার বিকালে আলিপুরে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। ঝাড়খণ্ড পুলিশ শ্রদ্ধার মাথার দাম ধার্য করেছিল ১৫ লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে এরাজ্যে আসছে ঝাড়খণ্ড পুলিশের টিম।

    কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের উপস্থিতিতে সিপিআই (মাওবাদী) দলের পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির একদা সদস্য মাধাই পাত্র দাবি করেন, ‘তিনি আত্মসমর্পণ করেছেন।’ অন্যদিকে, মাওবাদীদের মুখপাত্র গৌর চক্রবর্তীর ছোটো শ্যালিকা শ্রদ্ধা বিশ্বাস আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

    এরাজ্যে মাওবাদী দলের এক সূত্র জানাচ্ছে, মাধাই পাত্র এবং শ্রদ্ধা দু’জনেই দেশের শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বোস ওরফে কিষাণদার ঘনিষ্ঠ। তাঁরা দীর্ঘদিন ধরেই ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন। সম্প্রতি নদীয়ার চাকদহে একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন তাঁরা। মূলত, চিকিৎসার জন্যই এই দু’জন এরাজ্যে এসেছিলেন বলে জানা গিয়েছে। তবে ঝাড়খণ্ডের সরাইকেলায় প্রশান্ত বোস ওরফে কিষাণদা গ্রেপ্তারের পর ঝড়খণ্ডের জঙ্গলে বারবার মাওবাদী দমনে অভিযান চালায় কোবরা বাহিনী। ফলে ঝাড়খণ্ড থেকে নিরাপদ আশ্রয়ের জন্য এরাজ্যে ডেরা বাঁধেন মাওবাদী স্কোয়াডের সদস্যরা।

    তবে কলকাতা পুলিশের কর্তাদের দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি এক বিবৃতিতে দাবি করেছে, ১১ মে ভোর সাড়ে ৪টে নাগাদ চাকদহে কিশোর সর্দারের বাড়ি থেকে তুলে আনা হয় মাধাই পাত্র এবং শ্রদ্ধাকে। যদিও কলকাতা পুলিশের দাবি, উত্তর কাশীপুর এলাকা থেকে এই দু’জনকে আটক করা হয়।
  • Link to this news (বর্তমান)