আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রকল্পের তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের
বর্তমান | ১৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার নবান্ন সভাঘরে সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে যে-সমস্ত প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে এবং সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যেই বুধবারের বৈঠক বলেই মত প্রশাসনিক মহলের। মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে মঙ্গলবার সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সোমবারই তিনি রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রতিটি দপ্তরের আধিকারিকদের দুটি করে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। একটি তালিকায় থাকবে স্বল্প মেয়াদি কী কী প্রকল্প হাতে নেওয়া যায় তার বিবরণ। এসব কাজ আগামী দুবছরের মধ্যেই শেষ করা সম্ভব হবে। আর দ্বিতীয় তালিকায় হবে দীর্ঘমেয়াদি প্রকল্পগুলি। সেগুলি শেষ হতে পাঁচবছরের মতো সময় লাগতে পারে। এই তালিকা ধরেই বুধবারের বৈঠকে আলোচনা হতে পরে।
সূত্রের খবর, সরকারি কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিজেদের সম্মান বজায় রেখে আধিকারিকদের কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এছাড়া যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে, তাঁদের নাম সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রাপক তালিকা থেকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের নাম অ্যাপেলেট ট্রাইবুনালে আছে তাঁদের ক্ষেত্রে সুবিধা প্রদান স্থগিত
থাকারও সম্ভাবনা রয়েছে। এদিন মুখ্যসচিবের বৈঠকের পরে, নির্দিষ্ট সময়ে অফিসে প্রবেশ ও প্রস্থান নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে বিচার বিভাগীয় দপ্তর।