অপরাধ হলে দায় নিতে হবে থানার গুন্ডা দমনে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে, জানালেন সিপি
বর্তমান | ১৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলাকায় অপরাধ হলে দায়ভার বর্তাবে থানায় গুন্ডা দমনকারী অফিসারের উপর। এলাকায় কারা তোলাবাজি, গুন্ডাগিরি, দাদাগিরি, অস্ত্র ব্যবসা করছে সেই খবর সংগ্রহ করতে হবে তাঁদেরই। এই তালিকা তাঁরা ডিসিদের সামনে তুলে ধরবেন। এমনকি সমস্ত থানা নিয়ে হওয়া মাসিক ক্রাইম কনফারেন্সেও থানার গুন্ডা দমনকারী অফিসারকে ডেকে প্রেজেন্টশন নেওয়া হবে। উদ্ধার করতে হবে বেআইনি আগ্নেয়াস্ত্র, কার্তুজ। বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানায় চালাতে হবে তল্লাশি। তোলাবাজ থেকে অপরাধীদের ধরতে হবে। কলকাতা পুলিশের সমস্ত থানার ওসিসহ পদস্থ কর্তাদের বৈঠকে মঙ্গলবার এই বার্তা দিলেন নগরপাল অজয় নন্দা। সিপি এও জানান, ভোটের সময় অভিযোগ এসেছিল, আবগারি দপ্তর বারবার বলার পরও একটি থানার ওসি মদের বিরুদ্ধে অভিযান চালাননি। তাঁকে কমিশন সরিয়ে দিয়েছিল। ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কোনো এজেন্সি কিছু বললে এবং তা কার্যকর না করলে সংশ্লিষ্ট অফিসারকে সাসপেন্ডের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নগরপাল। কলকাতা পুলিশের পাশাপাশি বেঙ্গল এসটিএফের কর্তাদের নিয়ে বৈঠকে বসেন ডিজি জাভেদ শামিম। জেলায় জেলায় বেআইনি অস্ত্র, কার্তুজ উদ্ধার এবং আগ্নেয়াস্ত্র কারখানা ধরার উপর জোর দিতে বলেছেন তিনি। মাদক কারবার বন্ধে গুরুত্ব দেওয়ার নির্দেশ এসেছে। জেলার সঙ্গে সমন্বয়ে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। জেলার পুলিশ সুপাররা একই নির্দেশ দিয়েছেন।