• উচ্চ মাধ্যমিকে ফল ঘোষণা করবেন বর্তমান সভাপতিই, এসএসসি’র চেয়ারম্যানের দায়িত্ব সচিবকে
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরদিনই অস্থায়ীভাবে সেই দায়িত্বভার দেওয়া হল সচিব অরুণ রায়কে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নিয়েছেন। সোমবার সিদ্ধার্থ মজুমদার পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বেশ কিছু নাম হাওয়ার ভাসছিল। তারমধ্যে ছিল একজন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীর নামও। তবে এই শুভ্র চক্রবর্তী শিক্ষাদপ্তরের প্রাক্তন আমলা নন। আবার তৃণমূল আমলে এসএসসি’র চেয়ারম্যান থাকা, পরবর্তীতে বিজেপিতে যোগ দেওয়া চিত্তরঞ্জন মণ্ডলের নামও করছিলেন কেউ কেউ। যদিও, বেলা গড়াতেই ছবিটি পরিষ্কার হয়। এই পদটি এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমনিতে বর্তমানে কাউন্সেলিং এবং ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই কাজ শেষ করতে হবে ৩১ আগস্টের মধ্যে। আবার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি, যেহেতু ওএমআর শিট দেখানো হচ্ছে, তাই সেটার ভিত্তিতে আদালতে আবেদন করা হোক, যাঁরা যোগ্য, তাঁদের যেন পুরানো চাকরিতে যোগদানের অনুমতি দেওয়া হয়। ফলে, এই পদ এখন যাকে বলে রীতিমতো ‘হটসিট’। এদিকে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি এবং জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম পাল।   

    এদিকে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিব পদও খালি হয়েছে। সেখানে অবশ্য কাউকে বসানোর আগে স্থায়ী শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়া পর্যন্ত সরকার অপেক্ষা করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিককে শিক্ষাদপ্তর থেকে বলা হয়েছে, অন্তত ১৪ মে পরীক্ষার ফল ঘোষণা পর্যন্ত তাঁরা পদে থাকছেন। যেহেতু তাঁদের নামেই সার্টিফিকেট এবং অন্যান্য নথি স্বাক্ষরিত, তাই নতুন কাউকে আনলে সমস্যা হতে পারে। যেহেতু শেষ মুহূর্তে আর নথি পরিবর্তন সম্ভব নয়, তাই তাঁদের সরিয়ে দিলে শংসাপত্রের বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ত। সেই জটিলতা এড়ালেই তাঁদের পদে রেখে দিল দপ্তর। 
  • Link to this news (বর্তমান)