• কলকাতা পুরসভার শতাধিক ওয়ার্ডে গেরুয়া ঝড়
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। বিজেপির আসনপ্রাপ্তির হিসাবেই স্পষ্ট হয়েছে ঝড়ের তীব্রতা। সেই ঝড়ে তছনছ হয়ে গিয়েছে একাধিক জেলা ও পুরসভার এতদিনের তৃণমূল দুর্গ। সেই তালিকায় অন্যতম কলকাতা পুরসভা। বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে ওয়ার্ডভিত্তিক যে চিত্র উঠে এসেছে, তাতে রাজ্যের পর ‘ছোটো লালবাড়ি’র ক্ষমতার অলিন্দে পালাবদল নিয়ে জল্পনা জোরালো হয়েছে। কারণ, রাজ্যের রাজধানী শহরের ওয়ার্ডভিত্তিক ফলে কার্যত মুখ থুবড়ে পড়েছে ঘাসফুল শিবির। চলতি বছরের শেষে, ডিসেম্বরেই কলকাতা পুরসভার নির্বাচন। বিধানসভা ভোটে ওয়ার্ডভিত্তিক যে ফলাফল, তা মোটের উপর অপরিবর্তিত থাকলে পুরসভায়ও ক্ষমতা বদল নিশ্চিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

    এবারের ফলাফলে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০২টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ৪২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। শহরের একাধিক বিধানসভাও এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। এই প্রেক্ষাপটে কলকাতা পুরসভাও তৃণমূলের হাতছাড়া হওয়া কি সময়ের অপেক্ষা? চর্চা চলছে রাজনৈতিক মহলে। 

    বর্তমানে পুরসভায় ১৩৪ জন তৃণমূল কাউন্সিলার। বিজেপি কাউন্সিলারের সংখ্যা ৩। বাম, কংগ্রেস ও নির্দল কাউন্সিলার রয়েছেন বাদবাকি ওয়ার্ডে। ২০১০ সাল থেকে পুরসভা পরিচালনা করছে তৃণমূল। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও কলকাতা পুরসভার ওয়ার্ডভিত্তিক ফলে ধাক্কা খেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রায় ১০০টি ওয়ার্ডে পিছিয়ে ছিল জোড়াফুল শিবির। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফের প্রায় সব ওয়ার্ডেই জোড়াফুলের জয়জয়কার হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ফের অধিকাংশ ওয়ার্ডে পিছিয়ে পড়ে তৃণমূল। অনেকেই মনে করেছিলেন, বিধানসভা ভোটে ফের ২১-এর ফলাফলই কমবেশি ফিরে আসবে। কিন্তু, ৪ মে দুপুর গড়াতেই স্পষ্ট হয়ে যায়, গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছে জোড়াফুল। 

    কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডজুড়ে রয়েছে ১৭টি বিধানসভা কেন্দ্র। এর মধ্যে ১০টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ৭ আসনে জয়ী তৃণমূল। উত্তর কলকাতায় বিজেপি ৪০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। তৃণমূল ২০টি ওয়ার্ডে। বিজেপির দখলে গিয়েছে কাশীপুর-বেলগাছিয়া, মানিকতলা, শ্যামপুকুর ও জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। তৃণমূল জিতেছে চৌরঙ্গি, বেলেঘাটা ও এন্টালিতে। দক্ষিণ কলকাতায় বিজেপি ও তৃণমূল যথাক্রমে ২০টি ও ১২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিজেপি জয় পেয়েছে ভবানীপুর ও রাসবিহারীতে। তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে বালিগঞ্জ ও কলকাতা বন্দর কেন্দ্রে। অন্যদিকে, বেহালা সহ পুরসভার সংযুক্ত এলাকায় বিজেপি ২০টি ওয়ার্ডে এগিয়ে থাকলেও তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র সাতটিতে। বিজেপি জিতেছে বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম আসন। তৃণমূল জিতেছে মেটিয়াবুরুজ আসন। যাদবপুর-টালিগঞ্জ এলাকায় বিজেপি এগিয়ে ২২ ওয়ার্ডে। তৃণমূল এগিয়ে মাত্র ৩টি ওয়ার্ডে। বিজেপি জিতেছে যাদবপুর ও টালিগঞ্জ দুই বিধানসভা। আর তৃণমূল জিতেছে কসবায়। 

    ২০২১ সালের ভোটে তৃণমূল ১৩১টি ওয়ার্ডে এগিয়েছিল। এবার মাত্র ৪২টি ওয়ার্ডে ‘লিড’ পেয়েছে তারা। ২০২৪-এর লোকসভায় পুরসভার ৯৬টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। এই অবস্থায় ডিসেম্বরে কলকাতা পুরভোট নিয়ে অঙ্ক কষা শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল। 
  • Link to this news (বর্তমান)