• ফলতায় ভোট: প্রচারে ঝড় তুলতে শুভেন্দুকে আনার ভাবনা
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • সংবাদদাতা, বজবজ: এবার ফলতায় ভোটের প্রচারে অলআউট নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কীভাবে প্রচার হবে, কে কোন বুথের দায়িত্বে থাকবেন, দলের শাখা সংগঠন কোন লক্ষ্যে পরিচালিত হবে, তার বিস্তারিত রূপরেখা তৈরি করে ফেলেছে বিজেপি। ফলতায় জয় নিশ্চিত করাই এখন পদ্ম শিবিরের একমাত্র লক্ষ্য। সোমবার দলের সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ফলতায় এসে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ও নির্বাচনি কমিটির সদস্যদের বৈঠক করেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ফলতায় ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আনার চেষ্টা চালাচ্ছেন বিজেপির স্থানীয় নেতারা। ইতিমধ্যেই এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের একপ্রস্থ আলোচনা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী কবে ফলতায় যেতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। তিনি হয়তো পদযাত্রায় অংশ নিতে পারেন। তবে স্থানীয় নেতৃত্ব তাঁকে দিয়ে অন্তত একটি জনসভা করানোর জন্য রাজ্য দপ্তরে তদ্বির শুরু করেছেন। 

    এদিনই ফলতায় সাংগঠনিকভাবে নজরদারি চালাতে এসেছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবার বিজেপির টিকিটে জয়ী সব প্রার্থী ও পদাধিকারীকে নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে। ওই টিম বিধানসভা কেন্দ্রের কোথায় কোথায় ফাঁকফোকর রয়েছে, তা চিহ্নিত করবে এবং একইসঙ্গে নজরদারি চালাবে। সেইমতোই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ফলতার ভোটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি শিবির। 

    এদিকে, ফলতার স্বঘোষিত ‘বেতাজ বাদশা’ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এখন আর বাড়ির বাইরে বের হচ্ছেন না। এক সময় তাঁর ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকতেন। মুখ খুলতে সাহস পেতেন না। দু’দিন আগে পুলিশি প্রহরায় বাড়ি ফিরলেও ভোটের প্রচারে নামেননি। যদিও তাঁর হয়ে ছদ্মনামে ফেসবুক ও সামাজিক মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, আমাদের নেতা জাহাঙ্গির খান সততা ও সাহসের প্রতীক। তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। তিনি বাড়িতেই রয়েছেন। মিথ্যা প্রচারে কান দেবেন না। তিনি শীঘ্রই প্রচারে বের হবেন। 
  • Link to this news (বর্তমান)