• ভবানীপুর কেন্দ্র রেখে দিলেন শুভেন্দু, নন্দীগ্রামে উপনির্বাচন, বিজেপির প্রার্থী কে?
    বর্তমান | ১৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জল্পনাই সত্যি হল। নন্দীগ্রাম আসন ছেড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে কাজ চালাবেন তিনি। বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ ছিল। বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।

    নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকে নির্বাচিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধি অনুযায়ী একটি আসন থেকে ইস্তফা দিতে হত। এক্ষেত্রে তিনি ভবানীপুরকে বেছে নেওয়ায় নন্দীগ্রাম আসনে উপনির্বাচন হবে। এই আসনে কে বিজেপির প্রার্থী হবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে দলের জেলা সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামে শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ মেঘনাদ পালের নাম শোনা যাচ্ছে। যদিও রাজ্যের শাসকদলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

    ২০১৬ সাল থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ২০১৬ সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন। তারপর ২০২১ ও ২০২৬ সালে বিজেপির টিকিটে পরপর দু’বার নির্বাচিত হন। ২০২১ সালে এই আসনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে জায়ান্ট কিলার তকমা পান। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর দু’জায়গা থেকে তিনি লড়াই করেন। নন্দীগ্রাম থেকে ৯ হাজার ৬৬৫ ভোটে জয়ী হন শুভেন্দুবাবু। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেন। একইসঙ্গে দু’টি কেন্দ্র থেকে বিধায়ক থাকা যায় না। তাই নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন থেকে ইস্তফা দিতে হত। 
  • Link to this news (বর্তমান)