শর্টকাট সাফল্যের যুগে সম্পর্কের রসায়নের কথা বলতে ফের মঞ্চে বিশ্বজিৎ চক্রবর্তী, কবে-কোথায় মঞ্চস্থ হবে ‘শিব মন্দির’?
আজকাল | ১৩ মে ২০২৬
বড়পর্দা এবং ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ তিনি। কিন্তু অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর প্রথম প্রেম যে আজও ‘মঞ্চ’, তা আরও একবার প্রমাণিত হতে চলেছে। ‘সাড়ে চুয়াত্তর’ নাটকের পর আবারও থিয়েটারের আঙিনায় ফিরছেন এই বর্ষীয়ান অভিনেতা। আগামী ২৩ মে তিলত্তমার তপন থিয়েটারে মঞ্চস্থ হতে চলেছে দুটি নতুন নাটক— ‘শিব মন্দির’ এবং ‘বৃষ্টি এল’।
বর্তমান যুগে সব কিছুতেই ‘শর্টকাট’ খোঁজার প্রবণতা বেড়েছে। দ্রুত সাফল্য আর সুখের পিছু ধাওয়া করতে গিয়ে মানুষ নিজের অজান্তেই হারিয়ে ফেলছে মানসিক প্রশান্তি। গতির এই অসম প্রতিযোগিতায় বাড়ছে অস্থিরতা, বাড়ছে ধর্মীয় বিভেদও। ঠিক এই সামাজিক প্রেক্ষাপটকেই তুলে ধরবে নাটক দুটি।
অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর মতে, “দুটি নাটকই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে। এখানে সরাসরি রাজনীতির ছাপ নেই, কিন্তু সমাজের জন্য এক গভীর অর্থবহ অবদান আছে। বাংলা নাটক বহু বাধা অতিক্রম করেও দর্শকদের ভালবাসায় এগিয়ে চলেছে, এই দুটি নাটকও সেই ভালবাসা পাবে বলেই আমার বিশ্বাস।”
‘রেড কলস এন্টারটেইনমেন্ট’-এর প্রযোজনায় এই দুটি নাটকের নির্দেশনার দায়িত্বে রয়েছেন অভিনেতা তথা পরিচালক কুণালজিৎ।
‘শিব মন্দির’: এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। তাঁর পাশাপাশি এখানে অভিনয় করেছেন খোদ কুণালজিৎ।
‘বৃষ্টি এল’: এই নাটকে অভিনয়ে রয়েছেন কুণালজিৎ, শুভ্রা রূপা দত্ত এবং অমিত রায়।
তপন থিয়েটারের মঞ্চে ২৩ মের সন্ধ্যাটি যে নাটকপ্রেমীদের জন্য এক ভাবনার খোরাক হতে চলেছে, তা বলাই বাহুল্য। বিশ্বজিৎ চক্রবর্তীর মতো অভিজ্ঞ শিল্পীর অভিনয় আর সমসাময়িক বাস্তবতার মিশেল— সব মিলিয়ে এক ‘অর্থবহ’ থিয়েটারের অপেক্ষায় তিলোত্তমা।