• শহর কলকাতা, দুই প্রজন্ম, দুই মানুষ, সম্পর্কের কোন সমীকরণে 'ফেরা'? ঝলক প্রকাশ্যে
    আজকাল | ১৩ মে ২০২৬
  • পৃথা চক্রবর্তীর পরিচালনায়, নন্দী মুভিজ প্রযোজিত এবং প্রদীপ কুমার নন্দী নিবেদিত 'ফেরা' ছবির ঝলক প্রকাশ্যে৷ সম্পর্ক, সম্পর্কের মধ্যেকার দূরত্ব এবং দূরত্ব মিটিয়ে ফের কাছাকাছি আসা, মানবমনের অনুভূতিগুলি প্রকাশ পেয়েছে সংবেদনশীলভাবে।

    ট্রেলারের শুরুতেই ঋত্বিক অভিনীত চরিত্রকে বলতে শোনা যায়, "আমি সারাজীবন পালিয়ে বেড়িয়েছি, যাতে আমি তোমার মতো আটকে না পড়ি।"

    শহর কলকাতা, হলুদ ট্যাক্সি, দু’জন মানুষ। একটি বাড়ি, একদিকে নতুন প্রজন্মের ফ্ল্যাটবাড়ি অন্যদিকে পুরনো দিনের মানুষের ভগ্নপ্রায় ভিটেবাড়ির প্রতি অমোঘ টান৷

    একদিকে ঝাঁ চকচকে জীবনের হাতছানি অন্যদিকে আবেগ। এক এমন শহরে, যেখানে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হয়, সেখানে পলাশ শুধু পিছিয়ে না পড়ার লড়াইতে রাতদিন দৌড়ে চলে। অন্যদিকে তাঁর বাবা পান্নালাল, সময়ের ক্ষত লেগে যা কিছু ভাঙচুর সেই সব কিছুকে আগলে রাখেন মনের গোপনে৷

    হঠাৎ অতীত যেন বাস্তবের মাটিতে ফাটল ধরিয়ে সামনে এসে দাঁড়ায়, আর বাধ্য হয় মুখোমুখি হতে দুই ভিন্ন জীবনদর্শন। 'ফেরা' আসলে মনের ফেরার গল্প৷ সাফল্য বলতে আমরা ঠিক কী বুঝি, কী পেলাম কী পেলাম না, কী পেলে ভাল হত, কতটা পেয়েও হেলায় হারালাম এই সব জটিল হিসাবের সঙ্গে একবার নিজের মনের ভিতর 'ফেরা'। জীবনের পথে চলতে চলতে ছুটতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়া, এবং আচমকা 'ফেরা' যেখানে ছিল ভালবাসার প্রতিধ্বনি৷

    পৃথা চক্রবর্তীর পরিচালনায় 'ফেরা' ছবিতে অভিনয় করেছেন, সঞ্জয় মিশ্র, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও সুব্রত দত্ত। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।
  • Link to this news (আজকাল)