• NEET-UG প্রশ্ন ফাঁস কাণ্ডে BJP নেতা-সহ গ্রেপ্তার ৫, কারা তাঁরা? কী অপরাধ করেছেন?
    এই সময় | ১৪ মে ২০২৬
  • NEET UG-2026 প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি কাণ্ডে বুধবার রাত পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে CBI। মঙ্গলবারই তারা এই মামলার তদন্তভার গ্রহণ করেছিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে এক লিখিত অভিযোগের ভিত্তিতেই একটি FIR দায়ের করে এই মামলার তদন্ত শুরু করে CBI। বুধবার দেশজুড়ে জোরদার তল্লাশি চালিয়েছে তারা।

    এখনও পর্যন্ত এই মামলায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে তিনজন রাজস্থানের জয়পুরের বাসিন্দা। একজন হরিয়ানার গুরুগ্রামের এবং আরও একজন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা।

    নাসিকের আয়ুর্বেদ ছাত্র ৩০ বছরের শুভম খৈরনারকে মঙ্গলবারই গ্রেপ্তার করে CBI-এর হাতে তুলে দিয়েছিল নাসিক পুলিশ। আর এ দিন জয়পুরের BJP নেতা দীনেশ বিওয়াল এবং তাঁর ভাই বিকাশ বিওয়ালকে গ্রেপ্তার করেছে CBI। এই মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল জয়পুরের মঙ্গিলাল বিওয়াল এবং গুরুগ্রামের যশ যাদবকে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাসিকের ছাত্র শুভম খৈরনার ১০ লক্ষ টাকায় ‘গেস পেপার’ (আদতে ফাঁস হওয়া প্রশ্নপত্র) কিনে তা ১৫ লক্ষ টাকায় বিক্রি করেছেন। অন্যদিকে, বিওয়াল ভাইয়েরা প্রায় ১৫ থেকে ৩০ লক্ষ টাকায় প্রশ্নপত্র কিনে আরও বেশি অর্থের বিনিময়ে তা পরীক্ষার্থীদের মধ্যে বিক্রি করেছিলেন বলে অভিযোগ। এই বেআইনি কারবার সুচারু ভাবে চালানোর অভিযোগ উঠেছে গুরুগ্রামের যশের বিরুদ্ধে।

    CBI জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এর অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, তথ্যপ্রমাণ লোপাট এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।

    তবে মাত্র ৫ জনেই গ্রেপ্তারি শেষ হবে, এমনটা মনে করেন না তদন্তকারীরা। তাঁদের মতে, এই চক্রের শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে। CBI সূত্রে খবর, দেশজুড়ে এখনও তল্লাশি চলছে এবং আগামী কয়েকদিনে এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেকের গ্রেপ্তারির প্রবল সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)