বিজেপির জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছিলেন তিনি। বাঁকুড়ায় তৃণমূলের সেই নেত্রী সুজাতা মণ্ডল এ বার দলও ছাড়লেন। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা পদত্যাগ করেছেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষের পদ থেকেও।
বুধবার ‘এই সময় অনলাইন’-কে সুজাতা বলেন, ‘আমি ২ বছর আগেই দল ছাড়তে চেয়েছিলাম। তার দুটো কারণ ছিল। এক, আরজি করের ঘটনা। দুই, রাস্তায় শিক্ষককে মারধর।’ সুজাতার দাবি, তিনি কখনওই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিতে চাননি। কঠিন সময়েও তিনি পদ্মশিবিরে ছিলেন। কিন্তু তৃণমূল তাঁর এবং তাঁর পরিবারের উপর নানা রকম ভাবে চাপ সৃষ্টি করত। তা থেকেই নিস্তার পেতেই তিনি তৃণমূলে পূর্বতন শাসকদলে যোগ দিয়েছিলেন। এ বার কি তাঁর গন্তব্য বিজেপি? জবাবে সুজাতা বলেন, ‘নাহ্। এখন আমি আর কোনও দলে যোগ দেব না।’
২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে প্রচারের আলোয় এসেছিলেন সুজাতা। তখন তিনি বিজেপিতে। বিজেপির প্রার্থী হওয়া সত্ত্বেও আইনি বাধায় নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র। সেই সময়ে তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সুজাতাই। কিন্তু এক বছরের মাথায়, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূলে যোগ দেন। সৌমিত্রের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদও হয়ে যায়। ২০২১ সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে সুজাতাকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু তিনি হেরে যান। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের পদ পান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে প্রাক্তন স্বামী সৌমিত্রের বিরুদ্ধে বিষ্ণুপুর লোকসভা আসনে প্রার্থী করে তৃণমূল। কিন্তু সে বারও জয়ের মুখ দেখতে পাননি তিনি। এ বার রাজ্যে পালাবদল হতেই সেই সুজাতা দল ছাড়লেন।