• কড়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার!
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন অশোক কীর্তনিয়া। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরেই খাদ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। জুন মাস থেকে রেশনেও যে পরিবর্তন হতে চলেছে, তা এবার সাফ জানিয়েও দিলেন। রেশনে এবার থেকে উন্নতমানের গম ও চাল দেওয়া হবে বলেও নিশ্চিত জানালেন তিনি। 

    রেশন দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন। জেল থেকে জামিনের পরেও হাবড়া বিধানসভায় তিনি তৃণমূলের হয়ে লড়েছিলেন এবছর। যদিও দেবদাস মণ্ডলের কাছে পরাজিত হন। 

    রাজ্যের পূর্বতন সরকারের আমলে খাদ্য দপ্তরের দুর্নীতি প্রসঙ্গেও বড় বার্তা দিয়েছেন বর্তমান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই খাদ্য দপ্তরের আর্থিক দুর্নীতির ফাইল খোলা হবে। আগের মন্ত্রীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। দুর্নীতির এই বিশাল চক্র ভাঙার জন্য আধিকারিকদের এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি। 

    খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, "আমি পশ্চিমবঙ্গের খেটে খাওয়া সাধারণ মানুষের উদ্দেশে বলছি, আপনার গত ১৫ বছরে যে খাবার পেয়েছেন, তা খাওয়ার অযোগ্য ছিল। আমি নিজের এলাকাতেও দেখেছি। রেশন ডিলাররা, হোলসেলাররা অনিয়মের কারণে অনেকেই রেশন না নিয়ে, টাকা নিয়ে চলে যেতেন। এবার এগুলো আর চলবে না। কোয়ালিটির সঙ্গে আর আপোষ করা হবে না। জুন মাস থেকে খাওয়ার যোগ্য খাবার আপনারা পাবেন। রেশন দোকান থেকে আগের মতো আটা পাবেন না আর। ফ্রেশ গম পাবেন সকলে।" 

    তিনি এও বলেন, রেশন দোকানে যেটুকু আটা মজুত রয়েছে, সেটুকুই এখন বিলি করা হবে‌। খাদ্যমন্ত্রীর কড়া বার্তা, "আমি রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক নই। শুধু অফিসেই বসে থাকব না, বিধানসভায় আসা-যাওয়া করব না। আমি মাটির মানুষ। কখন কোথায় যাব, আধিকারিকদের জানিয়ে যাব না। গোটা পশ্চিমবঙ্গেই ঘুরব। সরকার ভরসা করে দায়িত্ব দিয়েছে। সেই ভরসা আমি রাখব। এক টাকার দুর্নীতিও আর বরদাস্ত করা হবে না। যদি কেউ মনে করেন, আমাকে টাকা দিয়ে কিনে নেবেন, তিনি তাহলে সবথেকে ভুল করবেন।" 

    রেশন দুর্নীতি প্রসঙ্গে এদিন খাদ্যমন্ত্রী আরও বলেন, "চেষ্টা করলে দুর্নীতি রোধ করা যাবেই। আমাকে একটু সময় দিতে হবে। বড় চক্র রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমদিন আমাকে বলেছিলেন, রেশন দুর্নীতি বন্ধ করতে হবে। রেশনে যে নিম্নমানের খাবার দেওয়া হত, সেটা সবার আগে বন্ধ করব।" 

    তাঁর কড়া হুঁশিয়ারি, জুন মাস থেকে রেশন দোকানে যদি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, সেই দোকানের লাইসেন্স বাতিল করা হবে। যাঁরা ভারতের বৈধ নাগরিক নন, তাঁরা সরকারি রেশন বা সরকারি কোনও সুবিধা পাবেন না। 
  • Link to this news (আজকাল)