আজকাল ওয়েবডেস্ক: রাজ্য রাজনীতিতে ব্যক্তিগত সমীকরণ যে অনেক সময় দলীয় রংকেও ছাপিয়ে যায়, বিধানসভা চত্বরে মদন মিত্র এবং অর্জুন সিংয়ের সাম্প্রতিক ‘সখ্য’ তারই ইঙ্গিত দিচ্ছে। এক সময়ের সতীর্থ, বর্তমানে যুযুধান দুই শিবিরের দুই হেভিওয়েট নেতার এই আকস্মিক সৌজন্য বিনিময় ঘিরে এখন সরগরম বাংলার রাজনৈতিক মহল।
বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখোমুখি হন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। সৌজন্যের খাতিরে দুজনে কোলাকুলিও করেন। কিন্তু ঘটনার মোড় ঘোরে অর্জুন সিংয়ের একটি মন্তব্যে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মদন মিত্রকে পাশে নিয়ে অর্জুন দাবি করেন, “যে কোনও সময় মদন দা আমাদের সঙ্গে চলে আসবেন, ও লাভলি!”
এই মন্তব্যের পর মদন মিত্রের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। কোনও প্রতিবাদ বা সরাসরি সম্মতি না জানিয়েই চেনা ভঙ্গিতে হাসতে হাসতে এগিয়ে যান তিনি। উল্লেখ্য, এবারের নির্বাচনে কামারহাটি সংলগ্ন অধিকাংশ এলাকায় বিজেপির জয়জয়কার হলেও মদন মিত্র নিজের দুর্গ রক্ষা করেছেন সফলভাবে। অতীতে অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর বাক্যযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছালেও, বিধানসভার করিডরে তাঁদের এই ‘সন্ধি’র মেজাজ ভিন্ন বার্তা দিচ্ছে।
অনেকের মতে, অর্জুন সিং নিছক রসিকতা করেই এমনটা বলেছেন। আবার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, তৃণমূলের পুরনো সৈনিক মদন মিত্রকে নিয়ে অর্জুনের এই উবাচ আদতে কোনও বৃহত্তর সমীকরণের ইঙ্গিত কি না, তা সময়ই বলবে। তবে আপাতত তাঁদের এই হাসি এবং সৌজন্য বিনিময় যে শাসক ও বিরোধী উভয় শিবিরেই আলোচনার খোরাক জুগিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।