রাজ্যে দ্বিগুণ হল বিধবা ও বার্ধক্য ভাতা, কত করে ঢুকবে অ্যাকাউন্টে?
আজ তক | ১৪ মে ২০২৬
অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির ঘোষণা করল নয়া রাজ্য সরকার। বুধবার রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, এই ভাতাগুলি দ্বিগুণ করা হবে। অর্থাৎ আগের সরকার যে পরিমাণ বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দিত, তার দ্বিগুণ দেবে BJP সরকার।
জুনের ১ তারিখ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি ২ হাজার টাকা করে মিলবে বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা।
নির্বাচনের আগে ইশতেহারে BJP প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলায় ক্ষমতায় এলেই দ্বিগুণ করে দেওয়া হবে ভাতাগুলি। সরকার গঠনের পর এবার সেই ঘোষণাই করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সরকারের চালু করা কোনও সামজিক প্রকল্প বন্ধ করা হবে না। ফলত মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। ৫০০ টাকা থেকে শুরু হওয়া এই ভাতা ১৫০০ টাকা পর্যন্ত পৌঁছয়। BJP প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে ৩০০০ করে ভাতা দেওয়া হবে মহিলাদের। সেই মতো ক্ষমতায় এসেই জানানো হয় যে জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে। আগামী জুন মাস থেকেই বর্ধিত হারে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে বলে নবান্ন সূত্রে খবর।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার প্রথম দিনই ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। আর প্রথম ক্যাবিনেটেই নির্ধারিত হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের দিনক্ষণ। জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে। প্রাথমিক ভাবে ধাপে ধাপে এই প্রকল্পটি চালু হবে। শুভেন্দু বলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রচারের সময়েও জানানো হয়ছিল। ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, কোনও প্রকল্পই বন্ধ করা হচ্ছে না।' মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমরা পেপারলেস অফিস করব। সমস্ত পোর্টালগুলি আপডেট করা হবে। সকল উপভোক্তা DBT-র মাধ্যমে টাকা পাবেন। সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে। তবে কোনও মৃত ব্যক্তি সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনও অ-ভারতীয় এই ধরনের স্কিমের টাকা পেতে পারেন না।'