• টলিউডের হাল ধরতে কোন চার বিধায়ককে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? বড় সিদ্ধান্ত নবান্নের বৈঠকে
    News18 বাংলা | ১৩ মে ২০২৬
  • কলকাতা: টলিউডের অস্থিরতা নিয়েও আলোচনা করা হয় নবান্নে। সেই বৈঠকে টলি পাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে চার বিধায়ককে। টালিগঞ্জের স্টুডিও পাড়ার দায়িত্ব পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।

    নবান্নে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন বিধায়ককেও এই গুরুত্বপূর্ণ রিভিউ মিটিংয়ে ডেকেছিলেন। যাদের মধ্যে ছিলেন রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খাঁ, স্বপন দাশগুপ্ত, হিরন চট্টোপাধ্যায়দের। মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য এই তিনটি দফতর নিয়ে আলোচনা হয়। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়েও কথা হয়। টলিউডের বিভিন্ন ইউনিয়ন নিয়ে কলাকুশলীদের বিভিন্ন বক্তব্যও ছিল সেই নিয়েও মুখ্যমন্ত্রীর সামনে আলোচনা করা হয়।

    সেখানে যারা পদ আঁকড়ে বসে আছে তাদের নিয়ে কী ভাবে ব্যবস্থা নেওয়া যায়, কী ভাবে দুর্নীতি মুক্ত করা যায়, সেই নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে এই তিনটি গুরুত্বপূর্ণ দফতরে কী ভাবে কাজ হবে তা রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে উদ্দেশ করে বলেন, “টালিগঞ্জের সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে”।

    অর্থাৎ টালিগঞ্জে শিল্প এবং সংস্কৃতির পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। এর আগে একাধিক নেতার বিরুদ্ধে টলিউডের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এর জেরে বহু শিল্পি এবং কলাকুশলীরা বিক্ষুব্ধ ছিলেন, এদের নিয়ে একসঙ্গে কাজ করতে মরিয়া বর্তমান সরকার।
  • Link to this news (News18 বাংলা)