ফের হিংসার ঘটনা মণিপুরে। এ বার হামলা চালানো হয়েছে গির্জার প্রধানদের লক্ষ্য করে। অতর্কিত ওই হামলায় নিহত হয়েছে গির্জার তিন প্রধান। ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বুধবার মণিপুরের কাংপোকপি (Kangpokpi) জেলায় এই হামলা চালায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনার কড়া নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। আহতদের উপযুক্ত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
অন্য দিকে, ননে (Noney) জেলাতেও হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত হয়েছেন এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী।
পুলিশ এবং প্রশাসন সূত্রে খবর, নিহতরা থাদৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশন (Thadou Baptist Association)এর সদস্য। টিবিএ সম্মেলনে যোগ দিয়ে চুড়াচাঁদপুর থেকে দু’টি গাড়িতে ফিরছিলেন তাঁরা। কাংপোকপি-চুড়াচাঁদপুর করিডোর সড়কের কোটজিম ও কোটলেন গ্রামের মধ্যবর্তী এই হামলা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ওই দু’টি গাড়িতে অতর্কিত হামলা চালায়। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতেই মৃত্যু হয় তিন জনের।
ওই হামলায় নিহত হয়েছেন মণিপুর (Manipur) ব্যাপটিস্ট কনভেনশনের প্রাক্তন সাধারণ সম্পাদক ভি সিটলহো এবং যাজক কাইগোলুন লোভুম ও পাওগোলেন সিটলহো। ঘটনায় আহত চার জনকে ভর্তি করা হয়েছে ইম্ফলের একটি হাসপাতালে। সেখানে তাঁদের দেখতে যান মণিপুরে মুখ্যমন্ত্রীও। ঘটনার তীব্র জানানো ছাড়াও আহতদের উপযুক্ত চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।
হতাহতরা সকলেই কুকি সম্প্রদায়ের লোকজন। এই হামলার কড়া নিন্দা করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী করনাড কে সাংমা। হামলার নিন্দা করা হয়েছে কুকিদের সামাজিক সংগঠন এবং কংগ্রেসের তরফেও।
এন বীরেন সিং জানিয়েছেন, সেই রাজ্যর বাসিন্দারা যখন শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য প্রার্থনা করছেন তখন এই ধরনের হামলা নতুন করে আতঙ্কের সৃষ্টি করে।
এই ঘটনার পরে হামলাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য মণিপুরে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।
কুকি সামাজিক সংগঠনগুলির দাবি, এই হামলা চালিয়েছে জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (জেডইউএফ) এবং উপত্যকা-ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলি। মেইতেই সংগঠনের লোকজন হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও অভিযোগ তাদের। এই হামলাকে ‘নিষ্ঠুরতা ও অমানবিকতার প্রতিফলন’ বলে উল্লেখ করেছে কুকি জ়ো কাউন্সিল। এই হামলার নিন্দা করেছে ইউনাইটেড নাগা কাউন্সিল-ও। হামলার প্রতিবাদে চুড়াচাঁদপুর এলাকায় অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছে কুকি এবং জ়োমি ছাত্র সংগঠন।
অন্য দিকে, বুধবার সন্ধ্যায় আরও একটি হামলার ঘটনা ঘটেছে ননে জেলায়। ইম্ফল (Imphal) থেকে বাড়ি ফেরার পথে জৌজাংটেক গ্রাম ও নুংসাইয়ের মধ্যে এই অতর্কিত হামলার শিকার হন এক দম্পতি। সন্দেহভাজন জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে দোলাং গ্রামের বাসিন্দা উইলসন থাঙ্গা-র। তাঁর স্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।