এই সময়, নয়াদিল্লি: ভোটের আগেই বিজেপি ঘোষণা করেছিল, পদ্ম–শাসিত অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বলবৎ হবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)৷ বাংলায় পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন ও দপ্তর বণ্টনের পরে রাজ্য সরকার সেই প্রক্রিয়া শুরু করবে বলে বুধবার দিল্লিতে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷
তাঁর কথায়, ‘ইউসিসি বিজেপির ঘোষিত নীতি৷ এটা কোনও গোপন অ্যাজেন্ডা নয়৷ আমাদের দল যে সব রাজ্যে ক্ষমতায় আছে, সেখানকার মতো বাংলাতেও ইউসিসি কার্যকর করা হবে৷’ রাজ্যে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপি সরকার গঠন করলে বাংলায় ছ’মাসের মধ্যে কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি৷
পশ্চিমবঙ্গে দল ক্ষমতায় আসার পরে বুধবারই প্রথম দিল্লি পা রেখেছেন শমীক৷ আজ, বৃহস্পতিবার অমিত শাহ এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত দলের নেতা সুনীল বনসল–সহ প্রথম সারির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি৷ বিজেপি সূত্রের দাবি, রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় কোন কোন বিধায়ক জায়গা পাবেন, সে বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে শমীকের আলোচনা হতে পারে।
এর আগে প্রার্থী বাছাইয়ের সময়েও দফায় দফায় দিল্লিতে এসে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। তাঁর মতামতকে গুরুত্বও দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব৷ শমীক বলেন, ‘যে সব বর্ষীয়ান কর্মী বিজেপিকে তৈরি করেছেন, ক্ষমতায় এনেছেন, তাঁদের প্রণাম ও শ্রদ্ধা জানাতেই আমার দিল্লি আসা।’
এ সবের মধ্যেই সামনে এসেছে রাজ্যের শিল্পোন্নয়ন নিয়ে বিজেপির নতুন পরিকল্পনা৷ দিল্লিতে বিজেপি সূত্রের দাবি, টাটাদের ছেড়ে যাওয়া সিঙ্গুরের জমিতে গড়ে তোলা হতে পারে ইমিটেশন শিল্পের হাব৷