• পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ: দিলীপ ঘোষ
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দায়িত্ব পেয়েই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষের বড় ঘোষণা। বৃহস্পতিবার সকালেই তিনি ঘোষণা করলেন, পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ করা হবে। 

    এদিন সকালে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন," পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ হবে। আগের জমানায় প্যানেল ছিল। বাস্তবায়িত হয়নি। কাজগুলো পড়ে আছে। আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়। সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত। তাঁদেরটাও ধাপে ধাপে করব।"

    এদিন দুধের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল। দাম বাড়বে। আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ছে। সেই সঙ্গে দুধের কোয়ালিটি যাচাই করতে হবে। মাঝে একবার কোয়ালিটি পরীক্ষা হয়েছিল। অনেকগুলো প্রোডাক্ট পাস করতে পারেনি। দুধ স্বাস্থ্যের জন্য খাওয়া হয়। নানারকম কেমিক্যাল মেশানো হচ্ছে। এগুলো কতটা ক্ষতিকারক সেটাও যাচাই হবে। যথাসম্ভব কম মূল্যবৃদ্ধি করে গুণমানে নজর দেব। আগের সরকারের উদ্দেশ্য জনহিত ছিল না। আমরা সেটাও চেষ্টা করব।" 

    এদিন তিনি আরও বলেন, "অবশেষে কাল থেকে অরেঞ্জ লাইন মেট্রোর বকেয়া কাজ শুরু। তৃণমূল সরকার এই কাজ আটকাতে কোর্টে গিয়েছিল। আমি জীবনে এরকম সরকার দেখিনি। কাজ আটকাতে কোর্টে যায়, ডিএ আটকাতে কোর্টে যায়, চাকরি আটকাতে কোর্টে যায়। যেটা যেটা আটকেছিল তার মধ্যে ইমিডিয়েট এই কাজটা শুরু হচ্ছে।" 

    তিলজলায় বুলডোজার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গের লোক ভাবেনি এতো তাড়াতাড়ি শহরে বুলডোজার নামবে। পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করেছে। যতবড় মাথা হোক আইনের নাগাল থেকে কেউ ছাড়া পাবেন না।" 

    প্রকাশ্যে পশুহত্যা বন্ধ হবে কি? দিলীপের কথায়, "এই নির্দেশ নতুন নয়। আদালত আগেই রায় দিয়েছিল। কিন্তু উৎসব আনন্দ সবকিছু আইনের আওতায় থেকেই করতে হবে। এগুলো আমরা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি নতুন করে।" 

    মা ক্যান্টিনে পাঁ টাকায় পাওয়া যাবে মাছ ভাত? তিনি জানালেন, "ডিম ভাত চালু থাকবে। তার মধ্যে মাছ আনা হবে। প্রকল্প চালু থাকবে। মানুষ খাবে বলে পরিমাণ বাড়ানো হবে। খুব তাড়াতাড়ি হবে। মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন। আপাতত পাঁচ টাকা থাকবে। পরে প্রয়োজনে সামান্য বাড়ানো হবে।" 

    অহেতুক লাউড স্পিকার নিয়ন্ত্রিত হবে? তিনি জানালেন, "সারা দেশে আইন আছে। শুধু মুসলিম নয়। হিন্দুদের ক্ষেত্রেও একই নিয়ম। মানুষের নানারকম শারীরিক সমস্যা। তাই এই আইন মানতেই হবে। ডিজে বক্সের ক্ষেত্রেও একই নিয়ম। বিশ্বকর্মা পুজোয় ঠাকুর রেখে দিয়েছে। তারস্বরে ডিজে বক্স চলছে। গাড়ি গেলে গাড়ি কাঁপে। বেদম আওয়াজ। এটা অমানবিক। বিজ্ঞানের অপব্যবহার। মানসিক উত্তেজনা তৈরি হয়। এই শব্দদূষণ বন্ধ করতে হবে।" 
  • Link to this news (আজকাল)