• বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় উত্তর দিনাজপুরের ভুট্টা ও ধানচাষিরা
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ধাপে ধাপে ঝড়বৃষ্টিতে পাট, আনারস, চা চাষে ইতিবাচক প্রভাব পড়লেও ভুট্টা এবং নীচু জমির ধান চাষে ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। মঙ্গলবার থেকে দফায় দফায় ঝড়বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায়। গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। আগামী ১৭ মে পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় নীচু এলাকার খেতে জল দাঁড়ালে চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

    সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে অনবরত জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে। এই অবস্থায় উত্তরের জেলাগুলির গরম হাওয়ার সংস্পর্শে ওই জলীয়বাষ্প আসতেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বৃষ্টি হচ্ছে।  আবহাওয়াবিদ গোপীনাথ রাহা বলেন, দফায় দফায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার এই অবস্থা চলবে আগামী ১৭ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে বজ্রপাত থেকে রক্ষা পেতে ঝড়বৃষ্টির সময় খোলা আকাশের নীচে থাকা থেকে বিরত থাকতে হবে। দুর্যোগ চলাকালীন কোনো ছাউনির নীচে থাকতে হবে মানুষকে। 

    বুধবার রায়গঞ্জের বাজিতপুর, রারিয়া এলাকার চাষিদের বক্তব্য, দফায় দফায়  বৃষ্টিতে চাষবাসের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। ফরেস্ট মোড় এলাকার চাষি সুখিরাম রায় বলেন, এই মরশুমের ধান কেটে ঘরে তোলার সময় হয়ে গিয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির জন্য জমিতে নেমে ধান কাটা যাচ্ছে না। এভাবে আর কয়েকদিন বৃষ্টি চললে ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নীচু জমির ক্ষেত্রে এই ক্ষতির সম্ভাবনা বেশি। সোহারই মনিপাড়ার চাষি সুখদেব দাস তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। 

    তিনি বলেন, আমাদের সর্বমোট ৪০ হাজার টাকা খরচ হয়েছে। বৃষ্টিতে চিন্তা বেড়েছে তাঁর। সুখদেব বলেন, বৃষ্টির জন্য ভুট্টার ক্ষতির আশঙ্কা রয়েছে। উৎপাদিত ভুট্টা বিক্রি করে ২০ হাজার টাকা উঠবে কিনা সন্দেহ আছে। এবার ভুট্টাচাষে লোকসান হওয়ার সম্ভাবনা আছে। জেলা কৃষি দপ্তর সূত্রে দাবি, ধাপে ধাপে ঝড়বৃষ্টিতে পাট, আনারস, চা চাষে ইতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু লাগাতার ঝড়বৃষ্টি চললে ভুট্টা এবং নীচু জমিতে ধান চাষের ক্ষেত্রে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 
  • Link to this news (বর্তমান)