SIR-এর বিচারাধীন মহিলারা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাবেন? জানুন
আজ তক | ১৪ মে ২০২৬
ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পল।
রাজ্যে SIR-এর পরে প্রায় ২৭ লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন রয়েছে। তাঁদের নাম ভোটার তালিকায় নেই। অনেকেই বৈধ কাগজ থাকার দাবি করে ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, 'বিচারাধীন ভোটারদের নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। ট্রাইব্যুনালে অনেকেরই নথি যাচাইয়ের কাজ চলছে। যাঁদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাঁদের নাম কাটা যাবে না।' পাশাপাশি অগ্নিমিত্রা এ-ও জানিয়েছেন, যাঁরা CAA-এর জন্য আবেদন করেছেন, তাঁদের নামও বাদ যাবে না।’
কবে থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?
শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, ১ জুন থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার।
কারা পাবেন আর কারা বাদ যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে?
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, 'যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ৯১ লক্ষ নাম পর্যালোচনা করা হবে। তাঁদের নাম আপাতত বাদ যাচ্ছে না। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তাঁরা কোনও ভাবেই এই সুবিধা পাবেন না। যাঁদের নাম SIR থেকে বাদ পড়েছে, তাঁরা নাগরিক কি না সেটা যাচাই করে দেখা হবে।'
অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কীভাবে?
যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। আগে এই প্রকল্পের আবেদন ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে নেওয়া হতো। এখন অনলাইনে এই প্রকল্পের আবেদন পত্র পাওয়া যাবে।
অগ্নিমিত্রা পল আরও বলেন, 'আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন, তাঁদের সুবিধার জন্যেও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা-বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে, তার ব্যবস্থা করছি।'
যাতে বাড়িতে বসেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা যায়, সেই বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছে সরকার। পোর্টালটিকে অত্যন্ত সহজ-সরল করা হবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-র -এর মাধ্যমে টাকা পাঠানো হবে বলেও জানানো হয়েছে।