আজই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, উত্তরে বড় অ্যালার্ট, রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট
আজ তক | ১৪ মে ২০২৬
কয়েক দিনের ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছিল। তবে মে মাসের মাঝামাঝি ফের সেই অস্বস্তিকর গরম। তাতে নাজেহাল সাধারণ মানুষ। আর এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসীকে খুব একটা ভাল খবর শোনাতে পারেনি হাওয়া অফিস। বরং উত্তরবঙ্গে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ বার্তা। বাংলার উত্তর প্রান্তের জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আসুন এই বিষয়ে আরও বিশদে জেনে নেওয়া যাক।
কেন বৃষ্টি?
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটি পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ অসমের উপর দিয়ে গিয়েছে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি। ও দিকে দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর যেই নিম্নচাপটি ছিল, সেটা বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় তৈরি হয়েছে। তাতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। সেই কারণে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যদিও আবহাওয়া দফতর এটাও বলে দিয়েছে, নিম্নচাপের কোনও সরাসরি প্রভাব বাংলায় পড়বে না।
দক্ষিণবঙ্গে কী হবে?
যতদূর খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ, বৃহস্পতিবার বীরভূম ও মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই দিন ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে এই দুই জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ১৯ মে পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। যদিও নতুন করে আর কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি আরও কিছুদিন চলবে। তবে এই কয়েকটা দিন কলকাতায় ভারী বৃষ্টি হবে না। সুতরাং সেই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না।
উত্তরবঙ্গের কী ছবি?
দক্ষিণবঙ্গের উল্টো চিত্র থাকবে উত্তরবঙ্গে। ওই জেলায় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টা ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। তবে শুধু এই তিন জেলা নয়, এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।