• কড়া লালবাজার, হেলমেট ছাড়া ৩৩ বাইকচালককে জরিমানা প্রতি ঘণ্টায়
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ‘হেলমেট মাস্ট’। সে নির্দেশ মোতাবেক কলকাতা পুলিশ ‘কড়া প্রহরা’ চালু করেছে। মাত্র আড়াই দিনে কলকাতায় ১ হাজার ৭৮২ জন হেলমেটবিহীন বাইকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শহরজুড়ে উর্দিধারীদের নজরদারি চলছে। তাঁরা প্রতি ঘণ্টায় ৩৩ হেলমেটবিহীন বাইকচালককে ধরেছে। সূত্র মারফত জানা গিয়েছে, যে এলাকাগুলি আগেই চিহ্নিত করা হয়েছিল সেখান থেকেই ধরা পড়েছেন অধিকাংশ নিয়মভঙ্গকারী। প্রত্যেককে জরিমানা করা হয়েছে। 

    মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে মাঠে নেমেছে লালবাজার। কড়া হাতে সামলাচ্ছে পরিস্থিতি। সোমবার সকাল থেকে শহরের মোড়ে মোড়ে হেলমেটবিহীনদের পড়তে হয়েছে শাস্তির মুখে। হেলমেট ছাড়া বাইক চালালেই জরিমানা করেন ট্রাফিক সার্জেন্টরা। অভিযোগ, হেলমেট ছাড়া বাইকের দৌরাত্ম্য চলে, শহরে এমন বেশ কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ পূর্ব কলকাতার পার্কসার্কাস, কড়েয়া, তিলজলা, তপসিয়া উত্তর পঞ্চান্নগ্রাম, ট্যাংরা ইত্যাদি এলাকায় হেলমেট ছাড়া বাইকচালকদের দাপট চোখে পড়ে। একইসঙ্গে বন্দর এলাকার একবালপুর, খিদিরপুর, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ এলাকাতেও হেলমেট পরার চল প্রায় নেই। পুলিশের রিপোর্ট অনুযায়ী, কড়েয়া, পার্কসার্কাস, তিলজলা ইস্ট ট্রাফিক গার্ডের এলাকায় পড়ে। সোম থেকে বুধ বিকেল চারটে পর্যন্ত এই এলাকায় ২৩৬ বাইকচালককে জরিমানা করা হয়েছে। তার মধ্যে শুধু মঙ্গলবারই ১৩৩ হেলমেটবিহীন বাইকচালককে পাকড়াও করেছেন ট্রাফিক সার্জেন্টরা। 

    একইসঙ্গে বন্দরের মোমিনপুর, একবালপুর, খিদিরপুর অঞ্চল সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ডের অধীনে পড়ে। সেখানেও হেলমেটবিহীন চালকদের দাপট দেখা যায়। কলকাতার অন্যান্য অঞ্চলের মানুষের মধ্যে একটি মজা চালু আছে, ‘একবালপুর, মোমিনপুরে হেলমেট পরলে পুলিশ ধরতে পারে।’ সেই বদনাম ঘোচাতে সোমবার থেকে সচেষ্ট পুলিশ। এই এলাকার দিকে কড়া নজর দিয়েছে লালবাজার। সূত্রের খবর, আড়াই দিনে সাউথ ওয়েস্ট ট্রাফিক গার্ড এলাকায় ১২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। নিয়মভঙ্গের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, রামনগর। এই এলাকাগুলি মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ডের আওতাধীন। এই এলাকায় ২৩৮ কেস হয়েছে। মঙ্গলবারই মামলার সংখ্যা সেঞ্চুরি পার করে যায়। 

    পুলিশের তথ্য অনুযায়ী, মধ্য কলকাতায় হেলমেট না পরার প্রবণতা সবথেকে বেশি। হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের তরফে আড়াই দিনের মধ্যে ৩২২ বিনা হেলমেটের বাইকচালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁদের ১ হাজার টাকা করে জরিমানা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার বলেন, ‘হেলমেটবিহীন চালকদের দাপট কমাতে এই বিশেষ ড্রাইভ। এখন লাগাতার চলবে। কোনোভাবেই বেপরোয়া চালকদের রেয়াত করা হবে না।’ একইসঙ্গে, বাইকে ট্রিপল রাইড অর্থাৎ তিনজন উঠলে জরিমানা করছে কলকাতা পুলিশ। এই অভিযোগে বুধবার বিকেল চারটে পর্যন্ত ৫২০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে লালবাজার।
  • Link to this news (বর্তমান)