• পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বনগাঁয় বৈঠক তৃণমূলের
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা তৃণমূলের। সেই লক্ষ্যেই বুধবার বনগাঁয় দলীয় কার্যালয়ে বৈটক করেন সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এই বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী দিনে দল কীভাবে চলবে, কীভাবে বিজেপিকে মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করেন নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার, গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শংকর দত্ত, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী সহ তৃণমূল নেতৃত্ব। বৈঠকের পর বিশ্বজিৎ দাস বলেন, গণনার পর থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। তৃণমূলের একাধিক নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এই বৈঠকে দলের বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করা হয়েছে কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি বিশ্বজিৎবাবু। শুধু বলেন, ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতেই এদিন বৈঠক করা হয়েছে। বিশ্বজিৎবাবুর দাবি, আমরা ২০১১ সালে ক্ষমতায় আসার পর রবীন্দ্রসংগীত শুনিয়েছিলাম। তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার প্রসঙ্গকে তুলে ধরে তিনি বলেন, বিজেপি হিংসার রাজনীতি করছে। 

    বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি অর্ণব শূর বলেন, পঞ্চায়েত ও পুর নির্বাচনে তৃণমূল কীভাবে অত্যাচার চালিয়েছে, তা তারা ভুলে গিয়েছে। আমরা ক্ষমতায় এসে বদলার রাজনীতি চাইনি। কিছু তৃণমূল কর্মী গেরুয়া আবির মেখে কোথাও কোথাও অশান্তি সৃষ্টি করেছে। প্রশাসন তা তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে।
  • Link to this news (বর্তমান)