• ঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরাল বিজেপি, দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের ফল প্রকাশের পর দক্ষিণ হাওড়ার নাজিরগঞ্জের লিচুবাগান এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে ঘরছাড়া তৃণমূল কর্মীদের বাড়ি ফেরাল বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, এলাকায় ভাঙচুর ও হামলার ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে নাজিরগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয় বুধবার। তাৎপর্যপূর্ণভাবে, এদিন বিজেপি নেতাদের সঙ্গে থানায় যান আক্রান্ত তৃণমূল কর্মীরাও। পরে তাঁদের নিয়ে এলাকায় গিয়ে ফের খোলা হয় বন্ধ হয়ে থাকা কয়েকটি বাড়ির তালা। ফিরিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসও।

    অভিযোগ, গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই লিচুবাগান এলাকায় অশান্তির সূত্রপাত। স্থানীয়দের একাংশের দাবি, যাদের অনেকেই আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিল না, তারাই আচমকা গেরুয়া পতাকা হাতে নিয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করে। এরপর তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ভয় দেখানোর ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। কয়েকজনকে এলাকা ছাড়তেও বাধ্য করা হয় বলে দাবি। আক্রান্ত তৃণমূল কর্মী মহম্মদ আবু বক্করের দাবি, ফল ঘোষণার পর তাঁর পরিবারের উপর চাপ তৈরি করা হয়। তিনি বলেন, ‘আমাদের বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করা হয়। পরিবারের সদস্যদের বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। থানায় অভিযোগ জানালেও এলাকায় ফিরতে ভয় পাচ্ছিলাম। পরে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করার পর পরিস্থিতির পরিবর্তন হয়’। বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তিনি ফের নিজের বাড়িতে ফিরতে পেরেছেন বলে জানান।

    এদিন নাজিরগঞ্জ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে বিজেপির দক্ষিণ হাওড়ার নেতা ইন্দ্রদেব দুবে বলেন, ‘ক্ষমতার পালাবদলের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। সাধারণ মানুষের উপর হামলা বা জোর করে দখলদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’ তাঁর দাবি, এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। একইসঙ্গে তোলাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও জানান এই বিজেপি নেতা।
  • Link to this news (বর্তমান)