বেআইনি চোলাই মদ বন্ধ ও হেলমেট পরে বাইক চালানো নিশ্চিত করতে অভিযান
বর্তমান | ১৪ মে ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: পুলিশ ও আবগারি বিভাগের লাগাতার অভিযানে হাওড়া গ্রামীণ জেলায় চোলাই মদ, সাট্টা, জুয়ার বেআইনি কারবার অনেকটাই কমেছে। তবে এখনও একশ্রেণির কারবারি লুকিয়ে চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই সেইরকম চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামল হাওড়া গ্রামীণ জেলার পুলিশ। বুধবার উলুবেড়িয়ার মদাই, শাঁখাভাঙা, ধুলোসিমলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় তারা। চোলাই মদ ও তা তৈরির উপকরণ বাজেয়াপ্ত, নষ্ট করে দেওয়া হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের অভিযানে প্রায় ৫৮ হাজার লিটার ফারমান্টেড ওয়াশ, ১৪ হাজার ৪০০ লিটার ডিস্টিল আইডি লিকার বা অবৈধ মদ এবং ৪৫ প্যাকেট গুড় উদ্ধার করা হয়। পরে আইন মেনে উদ্ধার হওয়া সামগ্রী নষ্ট করা হয়েছে। অন্যদিকে, হেলমেট না পরে বাইক চালানো আটকাতে জেলা জুড়ে অভিযানে নামল হাওড়া জেলা পুলিশ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল বলেন, সবাই যাতে হেলমেট পরে বাইক চালান এবং ট্রাফিক আইন মেনে চলেন, সেই লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিংও চলছে। নিজস্ব চিত্র