শিবপুরে বন্দর কর্তৃপক্ষের জমি উদ্ধার, বোমাবাজিতে মূল অভিযুক্ত এখনও অধরা
বর্তমান | ১৪ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুরে বিজেপির সংখ্যালঘু মোর্চার হাওড়া জেলার সভাপতি সিকান্দার খানের বাড়ি ও এলাকায় বোমাবাজি এবং গুলিচালনার ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বড়ে। বুধবার বিকাল পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে না পারলেও, তার দখলে থাকা বন্দর কর্তৃপক্ষের জমি উদ্ধার করল পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপুরের ফোরশোর রোড সংলগ্ন গঙ্গার ধারে ওই বিস্তীর্ণ ফাঁকা জমি ও মাঠ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নিয়ন্ত্রণে রেখেছিল শামিম। অভিযোগ, বন্দর কর্তৃপক্ষ একটি বেসরকারি সংস্থাকে জমিটি লিজে দিয়েছিল। সেখানে আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক এবং ছোটো স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু প্রতিবার নির্মাণকাজ শুরু করতে গেলে বাধা, হুমকি ও দখলদারির অভিযোগ সামনে আসে। স্থানীয়দের দাবি, দিনের বেলায় মাঠে খেলাধুলা হলেও রাত নামতেই এলাকা পরিণত হতো নেশার আসর ও অসামাজিক কার্যকলাপের কেন্দ্রে। দীর্ঘদিন ধরেই ওই জায়গা ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলে অভিযোগ।
বুধবার দুপুরে বন্দরের আধিকারিকরা পুলিশের উপস্থিতিতে ওই জমি পুনর্দখলের কাজ শুরু করেন। শিবপুর থানার পুলিশ এই অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল। তার আগে থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও লিজপ্রাপ্ত সংস্থার প্রতিনিধিদের বৈঠক হয়। এরপরই যৌথভাবে জমি উদ্ধারের পদক্ষেপ করা হয়। অন্যদিকে, মূল অভিযুক্ত শামিম আহমেদের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, অভিযুক্ত রাজ্যের বাইরে পালিয়ে গিয়েছে। তাই প্রয়োজন হলে উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে তদন্তের পরিধি বাড়ানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের পর গত ৭ মে শিবপুরের চরা বস্তি এলাকায় বিজেপি নেতা সিকান্দার খানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলিচালনার অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বুধবার বিকাল পর্যন্ত অধরা রয়ে গিয়েছে মূল অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বড়ে।