১১ বছরেও শেষ হয়নি সেতু তৈরির কাজ, ক্ষোভ বাড়ছে কাকদ্বীপবাসীর
বর্তমান | ১৪ মে ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর কাকদ্বীপের স্টিমারঘাটের অসমাপ্ত সেতু তৈরির দাবি তুলে ক্ষোভপ্রকাশ করলেন এলাকাবাসীরা। অভিযোগ, ‘১১ বছর কেটে গেলেও কালনাগিনী নদীর উপর ব্রিজ তৈরি শেষ হল না।’
এলাকার মানুষের বক্তব্য, সেতু নির্মাণে বিপত্তি ঘটার পর একবার ঠিকাদার পরিবর্তনও হয়েছিল। তারপরও কোনো অগ্রগতি হয়নি। এখনও বিস্তর কাজ বাকি। সেতুর কাজ ২০২১ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ২০২৬ সালেও কাজ সম্পূর্ণ হয়নি। প্রসঙ্গত কাকদ্বীপ থেকে লট নম্বর আটে যাওয়ার সংযোগকারী রাস্তা হিসেবে এই সেতু তৈরি করা হচ্ছিল। ২০১৫ সালে নির্মাণের কাজ শুরু হয়। ১২০ মিটার ব্রিজ তৈরির জন্য প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। চলছিল সেই কাজ। কিন্তু ২০১৮ সালে কাজ চলাকালীন গার্ডার খুলে গিয়ে সেতু বসে যায়। ভগ্নপ্রায় অবস্থা তৈরি হয়। এরপর শুরু হয় তদন্ত। তার স্বার্থে তৈরির কাজ বন্ধ রাখা হয়। ২০১৮ সালের শেষদিকে অন্য একটি ঠিকাদার সংস্থাকে পুনরায় সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখনও সেটি অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। দেবাশীষ বাগ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দীর্ঘদিন ধরে সেতু তৈরি হচ্ছে। কিন্তু এখনও ৪০ শতাংশের মতো কাজ বাকি। এখন নৌকা করে নদী পারাপার করতে হয়।’ বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক কৌশিক দাস বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার জন্য সেতুটি ভেঙে পড়েছিল। এরপর আবার কাজ শুরু করা হয়। দফায় দফায় টাকা এসেছে। কিন্তু তারপরও আজও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। নতুন সরকার গঠন হয়ে গেলে দ্রুত তদন্ত হবে।’ নিজস্ব চিত্র