• পাঁচ দিনের পুলিশ হেপাজতে গর্গ
    বর্তমান | ১৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলা পক্ষ’ সংগঠনের শীর্ষনেতা গর্গ চট্টোপাধ্যায়কে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। আদালত তাঁকে ৫ দিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে। গর্গর তরফে জামিনের আবেদন করা হয়। কিন্তু, শুনানিতে মুখ্য সরকারি আইনজীবী অভিজিত্ চট্টোপাধ্যায় বলেন, তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য ও অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে কারণ তিনি সমাজমাধ্যমে যা লিখেছেন, সেগুলো সমাজে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তা থেকে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই কারণে অভিযুক্তকে পুলিশ হেপাজতে রেখে তদন্ত করা দরকার। তাঁকে এই বিষয়ে কেউ ইন্ধন জুগিয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা দরকার। গর্গর আর কোনও ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে কি না, তাও দেখতে হবে। এরপরই আদালত গর্গর জামিনের আবেদন খারিজ করে তাঁকে পাঁচ দিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেয়।
  • Link to this news (বর্তমান)