এই সময়, সন্দেশখালি: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক জনপ্রিয় চিকিৎসক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ন্যাজাট থানার খাস শাঁকদহ গ্রামে। পুলিশ জানায়, ধৃত চিকিৎসকের নাম ফারুক হোসেন গাজি।
এলাকায় 'বিনা পয়সার ডাক্তার' হিসেবেই জনপ্রিয় তিনি। অভিযোগ, খাস শাঁকদহ গ্রামে ওই চিকিৎসকের তৈরি একটি সংস্থায় কর্মরত এক নাবালিকার শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। নাবালিকার পরিবারের তরফ থেকে ন্যাজাট থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে মঙ্গলবার রাতে ন্যাজাট থানার পুলিশ ওই গ্রাম থেকে চিকিৎসককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজ্জু করেছে পুলিশ। ধৃত চিকিৎসককে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সুন্দরবন অঞ্চলের সন্দেশখালির খাস শাঁকদাহে এলাকার মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন ফারুক। ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন 'নবদিগন্ত' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পরে শুরু করেন নবদিগন্ত মিশন স্কুল। সেখানে অনাথ অসহায় স্কুলছুট ছেলেমেয়েদের জন্য নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠদান করা হয়। সেই নবদিগন্ত মিশনেই সপ্তাহের প্রতি শনিবার ফ্রিতে রোগী দেখেন তিনি।
শুধুমাত্র রোগী দেখাই নয়, ইসিজি, নেবুলাইজার, অক্সিজেনের পরিষেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেন ফারুক। সেই জনপ্রিয় চিকিৎসকের বিরুদ্ধেই এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠলে মঙ্গলবার এলাকার বাসিন্দারা ওই তাঁকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল বলেন, 'একজন চিকিৎসককে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা করে তদন্ত শুরু হয়েছে।'