কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীরা যে পোশাক পরেন, সেই পোশাক পরেই বৃহস্পতিবার হাইকোর্টে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের একের পরে এক পার্টি অফিসে হামলা হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগকে সামনে রেখে মামলা হয়। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এই মামলা করেন। তারই সওয়াল করতে এজলাসে মমতা। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদালতে আসেন চন্দ্রিমা ভট্টচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
গত ১২ মে কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের করে তৃণমূল। দলের পক্ষে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তখনই ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, আজ, বৃহস্পতিবার মামলার শুনানি হবে।
মামলাকারীর বক্তব্য ছিল, ভোটের ফল প্রকাশের পরে বহু তৃণমূল নেতা-কর্মী ঘরছাড়া। শুধুমাত্র তৃণমূল করার জন্য বহু কর্মী, সমর্থকের বাড়িতে হামলা হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।