আসানসোলের জামুড়িয়ার কয়লাখনিতে ধস। ইসিএলের কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারিতে বৃহস্পতিবার সকালে ধস নামে। এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। একাধিক শ্রমিক ধসের মাঝে পড়ে আটকে রয়েছেন। উদ্ধারকার্য শুরু করেছে প্রশাসন।
জানা গিয়েছে, এ দিন কুনুস্টোরিয়া পড়াশিয়া কোলিয়ারির ২৭ নম্বর সেকশনে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। সেই সময়েই বিপত্তি ঘটে। আচমকাই একটি স্তরে ‘এয়ার ব্লাস্ট’ হয়। এর ফলে মুহূর্তে চারিদিকে ছিটকে পড়ে কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা।
আহত শ্রমিকদের উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল ও ইসিএল-এর অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা? তা খতিয়ে দেখছেন কয়লাখনি কর্তৃপক্ষ।
ঘটনার পরেই শ্রমিক সংগঠনের সদস্যরা কয়লাখনি এলাকায় বিক্ষোভ দেখতে শুরু করে। তাঁদের দাবি, খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।