• কলা বিভাগের মেঘা মেয়েদের মধ্যে প্রথম উচ্চমাধ্যমিকে!
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ কলা বিভাগ থেকে পড়েই বাজিমাত! বৃহস্পতিবার প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। আর তাতেই তাকলাগানো সাফল্য হুগলির মেঘা মজুমদারের। ৪৯২ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন। প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। 

    হুগলির শ্রীরামপুরের বাসিন্দা মেঘা। উচ্চ মাধ্যমিক দিয়েছেন শ্রীরামপুর রমেশচন্দ্র রমেশচন্দ্র গার্লস হাই স্কুল থেকে। বরাবর মেধাবী এই পড়ুয়া পরীক্ষায় ভাল ফল করবেন, এমন প্রত্যাশাই ছিল। কিন্তু মেধাতালিকায় স্থান করে নেবেন এবং রাজ্যের লক্ষাধিক পড়ুয়ার মধ্যে মেয়েদের মধ্যে প্রথম হবেন, তা ছিল ভাবনাতীত। স্বভাবতই আনন্দে উদ্বেল মেঘা। আনন্দে ভাসছে তাঁর পরিবার-পরিজন থেকে এলাকাবাসীও। 

    ছোট থেকে যৌথ পরিবারেই বেড়ে ওঠা। বাবার নিজস্ব ব্যবসা। মা গৃহবধূ। তবে পড়ার জন্য কখনও বলতে হয়নি মেয়েকে, তেমনই জানালেন মেঘার বাবা। তবে প্রস্তুতিতে সাহায্য করতেন মেঘার মা, স্কুলশিক্ষক থেকে গৃহশিক্ষকেরাও। মেঘারও এক কথা। বাবা-মা থেকে শিক্ষক-শিক্ষিকাদেরই যাবতীয় কৃতিত্ব দিলেন তিনি।  

    সাধারণত বিজ্ঞান শাখা থেকেই মেধাতালিকায় র‍্যাঙ্ক তালিকা থেকে জায়গা করে নেন পড়ুয়ারা। তবে উচ্চমাধ্যমিকে মেঘার বাংলা, ইংরেজি ছাড়াও ছিল ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু আর্টস পড়েও কোন মন্ত্রে এই সাফল্য? মেঘা বলেন, "দিনরাত এক করে পড়িনি। বরং একটা রুটিন করেও পড়তাম বরাবর। নির্দিষ্ট পরিকল্পনামাফিক চলত পড়াশোনা। তবে প্রচুর মক টেস্ট দিয়েছি, যা ভীষণ সাহায্য করেছে।"  

    তবে শুধুই কী পড়াশোনা? আর কী পছন্দ মেঘার? মেঘা জানিয়েছেন, পরীক্ষার আগেও বাবার সঙ্গে বসে খেলা দেখেছি। ভাল লাগে গান, আঁকা। নতুন শখের তালিকায় জুড়েছে দাবা। 

    ভবিষ্যতে ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছে মেঘার। কলকাতার প্রথম সারির বিশ্ববিদ্যালয় যাদবপুর, প্রেসিডেন্সিতেই উচ্চশিক্ষার আগ্রহ। ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমলা হতে চান মেঘা। স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, নারী ক্ষমতায়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়নই তাঁর লক্ষ্য। স্বপ্ন দেখেন সমাজ বদলের। 

    উল্লেখ্য, বৃহস্পতিবার পূর্বিনির্ধারিত সময় মেনেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি পার্থ কর্মকার। এ বার উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৬৪ জন পড়ুয়া। পাশের হারের নিরিখে, প্রথম পূর্ব মেদিনীপুর। ওই জেলার ৯৪.১৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। পাশের হারে জেলার অবস্থান যথাক্রমে-হাওড়া, উত্তর ২৪ পরগনা,  হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া। এবারের পরীক্ষায় মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৯১.২৩ শতাংশ। 
  • Link to this news (আজকাল)