• বোমের আদলে জর্দার কৌটো ছোঁড়ার অভিযোগ
    আজকাল | ১৪ মে ২০২৬
  • মিল্টন সেন: হুগলির উত্তরপাড়া ভদ্রেকালী ক্যাম্প এলাকায় জর্দার কৌটোয় সুতো জড়িয়ে বাড়িতে ছুঁড়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পরপর দু’টি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

    অভিযোগ, জর্দার কৌটায় সুতলি জড়িয়ে তা সিভিক ভলেন্টিয়ার দেবাশিস ঘোষের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়। পাশের একটি বাড়িতেও একই ধরনের কৌটো এসে পড়ে। রাত প্রায় ন’টা নাগাদ টোটো চালক অজিত ঢালির বাড়ির টালির চাল ভেঙে আরও একটি কৌটো ঘরের ভিতরে এসে পড়ে।

    সেই সময় বাড়িতে তাঁর দুই মেয়ে, জামাই ও নাতনিরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেবাশিস ঘোষের বাবা স্বপন ঘোষ জানান, তাঁদের বাড়িতেও একই ধরনের একটি কৌটো ছুঁড়ে মারা হয়।

    তবে কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সন্দেহজনক কৌটো দু’টিকে জলের বালতিতে ভরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

    জর্দার কৌটায় সুতলি জড়িয়ে সেগুলিকে বোমের আদলে তৈরি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার পিছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)