• দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড
    আজকাল | ১৪ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুর থানার আ্যালয় স্টিল গেটের কাছে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ব্যাঙ্কের ভিতর জমা রাখা নথিপত্র।

    স্থানীয় সূত্রে খবর, দমকল বাহিনী পৌঁছনোর আগেই ব্যাঙ্কের ভিতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

    দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

    ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অরুণ কুমার মাহাতো জানান, রাত প্রায় দশটা নাগাদ তিনি আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে দেখেন লকার ছাড়া ব্যাঙ্কের প্রায় সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
  • Link to this news (আজকাল)